প্রাথমিক টেট পাস ডি.এল.এড ঐক্যমঞ্চের মহা মিছিল, প্রাথমিকে ৫০ হাজার নিয়োগের দাবি
নতুন পয়গাম, কলকাতা
রাজ্যের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় শিক্ষক সংকট ঘিরে বৃহস্পতিবার কলকাতায় রাস্তায় নামলেন ২০২২ প্রাথমিক টেট পাস ডি.এল.এড ঐক্যমঞ্চ। কয়েক হাজার টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই মহা মিছিল ঘিরে শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়।
অভিযোগ, একদিকে রাজ্যের বহু প্রাথমিক বিদ্যালয় শিক্ষক–শূন্য অবস্থায় দিন কাটাচ্ছে, অন্যদিকে লক্ষাধিক টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থী দীর্ঘদিন ধরে নিয়োগবঞ্চিত। ঐক্যমঞ্চের প্রধান দাবি— “প্রাথমিকে অন্তত ৫০ হাজার নতুন নিয়োগ”।
চাকরিপ্রার্থীদের দাবি, বিকাশ ভবনের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে ২,২১৫টি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক নেই বা একজন মাত্র শিক্ষক আছেন। অথচ মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন, শিক্ষকের বিপুল শূন্যপদ রয়েছে। কিন্তু তার পরেও প্রকাশিত হয়েছে মাত্র ১৩,৪২১টি নিয়োগ বিজ্ঞপ্তি, যা প্রাথমিক শিক্ষা ব্যবস্থার “কঙ্কালসার” চিত্র তুলে ধরে বলে অভিযোগ আন্দোলনকারীদের।
রাজ্যে বেকারত্বের বাড়বাড়ন্ত, শিক্ষিত যুবকদের হতাশা এবং দীর্ঘদিনের নিয়োগ বন্ধের প্রতিবাদে বারবারই কলকাতায় বিক্ষোভ ও মিছিল হচ্ছে।
এদিনের মিছিলে যোগ দেন আই.এস.এফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। শিক্ষকদের দাবির প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন,
“প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে অবিলম্বে অন্তত ৫০,০০০ শিক্ষক নিয়োগের প্রয়োজন। এই ন্যায্য দাবির লড়াইয়ে আমি এবং আমার দল সম্পূর্ণভাবে পাশে আছি।”
আন্দোলনকারীদের দাবি, আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই, কারণ শিক্ষকবিহীন বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা কার্যত ভেঙে পড়ছে।








