করেকম্মে খাওয়ার জন্য রাজনীতি নয়: সুপ্রিম কোর্ট
নতুন পয়গাম
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর: রাজনৈতিক দলে যোগ দেওয়াকে চাকরি বলা যায় না। অর্থাৎ রাজনৈতিক দলকে কর্মস্থল এবং কর্মীদের কর্মচারী আখ্যা দেওয়া উচিত নয়। যদি রাজনৈতিক দলগুলিকে কর্মস্থল হিসেবে বিবেচনা করা হয়, তাহলে সেটা প্যান্ডোরার বাক্স খোলা হয়ে যাবে। এভাবেই চলমান রাজনীতি ও রাজনৈতিক নেতাদের ওপর ক্ষোভ উগরে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ।
উল্লেখ্য, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্তা থেকে সুরক্ষা দিতে ‘পশ’ নামে নতুন আইন চালু রয়েছে দেশে। রাজনৈতিক দলগুলোকেও এই আইনের আওতায় আনার দাবি উঠলে বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছয়। সেই আবেদনের শুনানিতে শীর্ষ আদালত সাফ জানিয়েছে, ২০২২ সালের মার্চে কেরল হাইকোর্টও একই নির্দেশ দিয়েছিল। আদালত বলেছিল, যেহেতু রাজনৈতিক দল ও রাজনৈতিক কর্মীদের মধ্যে সম্পর্ক থাকে না, তাই রাজনীতিকে কর্মস্থল বা করেকম্মে খাওয়ার জায়গা ভাবা উচিত নয়। তাই একে ‘পশ’ আইনের আওতায় আনা যায় না বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। কেরল হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে লিভ পিটিশন করেছিলেন যোগমায়া এমজি নামে এক আইনজীবী।








