ভাঙড়ে ফের রাজনৈতিক উত্তেজনা
ভাঙড়ে ফের রাজনৈতিক উত্তেজনা
সাহিনুর ইসলাম, নতুন পয়গাম, ভাঙড়: ভাঙড়ে ফের রাজনৈতিক উত্তেজনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে ক্ষুব্ধ তৃণমূল কর্মী-সমর্থকরা শুক্রবার রাতে কাশীপুরে প্রতিবাদ মিছিল করেন।
ঘটনার সূত্রপাত ২০ আগস্ট বুধবার। সেদিন ওয়াকফ আইন সহ একাধিক দাবিতে ধর্নার ডাক দিয়েছিল একাধিক মুসলিম সংগঠন। কিন্তু সেই ধর্না মঞ্চে পৌঁছানোর আগেই গ্রেফতার হন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ প্রায় ৯৫ জন। এরপর থেকেই বিধায়কের মুক্তির দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে আইএসএফ কর্মী-সমর্থকরা প্রতিবাদ মিছিল করেন। ভাঙড়ও তার ব্যতিক্রম নয়। এলাকায় একাধিক মিছিলে অংশ নেন আইএসএফের পুরুষ ও মহিলা সমর্থকরা।
অভিযোগ, সেই মিছিল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করেন কিছু মহিলা আইএসএফ কর্মী। ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাত আটটা থেকে ভাঙড় ২নং ব্লকের কাশীপুরে প্রতিবাদ মিছিল করে তৃণমূল।
মিছিলে উপস্থিত ছিলেন ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ ভাঙড়ের তৃণমূল নেতৃত্ব। শওকত মোল্লা জানান, মুখ্যমন্ত্রীকে অপমান করার বিরুদ্ধে কোনোভাবেই নীরব থাকা যাবে না। তিনি ওই মহিলাদের গ্রেফতারের দাবিতে কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে তৃণমূল।”








