খণ্ডঘোষ থানায় পোলেমপুর ফাঁড়ি উদ্বোধন
তৌসিফ আহম্মেদ
নতুন পয়গাম, খণ্ডঘোষ:
খণ্ডঘোষ থানার অন্তর্গত পোলেমপুর ফাঁড়ির নবনির্মিত ভবনের উদ্বোধন হল শনিবার। ফিতে কেটে দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার এবং জেলা পুলিশ সুপার সায়ক দাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার অর্ক ব্যানার্জী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও যোগ দেন এসডিপিও (সদর সাউথ) অভিষেক মণ্ডল, সার্কেল ইন্সপেক্টর তপন কুমার বসাক, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, ট্রাফিক ইন্সপেক্টর স্নেহময় চক্রবর্তী, খণ্ডঘোষ থানার ওসি অনুপ দে, রায়না থানার ওসি নিমাই ঘোষসহ জেলা পুলিশের একাধিক আধিকারিক। অতিথিদের বরণ করে নেওয়ার পর তাঁরা নতুন ভবনটি ঘুরে দেখেন।
পোলেমপুর ফাঁড়ি দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে কাজ করছে। কিন্তু পুরনো ভবন অপর্যাপ্ত হয়ে পড়ায় এবং আধুনিক পরিকাঠামোর অভাবে পুলিশকর্মীদের সমস্যার মুখে পড়তে হচ্ছিল। নতুন ভবনে আধুনিক পরিকাঠামো, পর্যাপ্ত জায়গা, কর্মীদের থাকার ও কাজের উপযোগী ব্যবস্থা করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “গ্রামাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা অপরিসীম। আইনশৃঙ্খলা রক্ষার জন্য পরিকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি। নতুন ভবন চালু হওয়ায় গ্রামীণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে।”
জেলা পুলিশ সুপার সায়ক দাস জানান, “এই ফাঁড়ি নতুন রূপে চালু হওয়ায় পুলিশ আরও কার্যকরভাবে কাজ করতে পারবে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে আরও সুসম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে।”








