রুশ ড্রোন অনুপ্রবেশের পর ভূখণ্ড রক্ষায় প্রস্তুত পোল্যান্ড
নতুন পয়গাম, আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার ড্রোন হামলার ঘটনায় ভূখণ্ড রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে তিনি এই সতর্কবার্তা দেন।
বার্তাসংস্থা এএফপি জানায়, পোল্যান্ড অভিযোগ করেছে— সম্প্রতি তাদের আকাশসীমায় রাশিয়ার একাধিক ড্রোন অনুপ্রবেশ করেছে। একই সময়ে এস্তোনিয়ার আকাশসীমায়ও রুশ যুদ্ধবিমান প্রবেশের পর ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছে।
পোল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, “আমরা নিজেদের ভূখণ্ড রক্ষায় সর্বদা প্রস্তুত। শুধু তাই নয়, রাশিয়ার ড্রোন থেকে মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোকেও সুরক্ষা দিতে প্রস্তুত আছি। পোলিশ জনগণ লড়াইয়ের জন্য তৈরি।”
তিনি আরও যোগ করেন, “আমাদের ও অন্যান্য ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে মস্কোর উস্কানিমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। রাশিয়া আমাদের ভয় দেখাতে চাইছে, কিন্তু আমরা ভয় পাই না।”
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটো সদস্যদের উচিত তাদের আকাশসীমায় প্রবেশকারী রাশিয়ান বিমানগুলোকে সরাসরি গুলি করে ভূপাতিত করা।
গত শুক্রবার রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধবিমান প্রায় ১২ মিনিটের জন্য এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করে। এর প্রতিক্রিয়ায় ন্যাটোর বিমানগুলো পাল্টা অভিযান চালায়।








