হেলিকপ্টারে পালালেন নেপালের প্রধানমন্ত্রী
নতুন পয়গাম, কাঠমান্ডু, ৯ সেপ্টেম্বর: অবশেষে দেশজুড়ে আন্দোলনের জেরে পদত্যাগ করে হেলিকপ্টারে চড়ে সরকারি বাসভবন থেকে পালিয়ে গেলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তবে তার গন্তব্য কোথায়, তা জানা যায়নি। সোম ও মঙ্গলবার দেশজুড়ে বিক্ষোভের জেরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে দেশটির সেনাবাহিনী তাঁকে এবং আরো বেশ কয়েকজন মন্ত্রী ও শীর্ষ আমলাকে নিরাপদে আকাশপথে ভিন দেশে পাঠিয়ে দেয়। উত্তেজিত জনতা পার্লামেন্ট ভবন থেকে শুরু করে সমস্ত সরকারি কার্যালয় দখল করে নেয় এবং ভাঙচুর, অগ্নিসংযোগ করে। একের পর এক মন্ত্রীর বাসভবনে তাণ্ডব চালায়, একাধিক মন্ত্রীকে রাস্তায় ফেলে প্রহার করা হয়।
মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট, টিয়ার গ্যাস, জলকামান ব্যবহার করা সত্ত্বেও তরুণ প্রজন্মের বিক্ষোভকারীদের দমন করা সম্ভব হয়নি। পুলিশের ব্যারিকেড এবং কারফিউ ভেঙে মানুষ ভাঙচুর, তাণ্ডব চালাতে থাকে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, আগুনে পুড়িয়ে হত্যা করা হয় এক প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে।








