১৮ হাজার বস্ত্রবিতরণ দানবীর জাকির হোসেনের
নিজস্ব সংবাদদাতা, জঙ্গিপুর:
শারদীয় দুর্গোৎসবের আবহে গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ নিল শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। সংস্থার কর্ণধার, প্রাক্তন মন্ত্রী ও দানবীর খ্যাত জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে সোমবার জঙ্গিপুরের মাকাঞ্চি ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১৮ হাজার মানুষের হাতে নতুন বস্ত্র, আটা ও সরিষার তেল তুলে দেওয়া হয়।
সকাল থেকেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাও, মহকুমাশাসক একাম জি সিং, অ্যাডিশনাল এসপি মোহাম্মদ নাসিমসহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
পুলিশ সুপার অমিত কুমার সাও এদিনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, উৎসবের সময় সমাজের দায়িত্ব ভাগ করে নেওয়া সত্যিই উদাহরণযোগ্য। বিধায়ক জাকির হোসেন জানান, বহু বছর ধরে এই ধরনের বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন তিনি। তাঁর কথায়, “ধর্ম বা রাজনীতি নয়, আমি শুধু মানুষের দুঃখে পাশে দাঁড়াতে চাই। যাতে তারাও উৎসবের আনন্দে শামিল হতে পারে।” শুধু উৎসবের মুখে নয় বরং সারাবছর তাঁকে অভাবী মানুষের সহযোগিতায় পাশে দাঁড়াতে দেখা যায়।
তিনি আরও আশ্বাস দেন, আগামী দিনেও সুতিসহ বিভিন্ন এলাকায় এই ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।








