জাদুঘর থেকে ফেরাউনের ব্রেসলেট নিখোঁজ
নতুন পয়গাম,
কায়রো, ১৭ সেপ্টেম্বর: মিশরের রাজদানী কায়রোতে অবস্থিত মিউজিয়াম বা জাদুঘর থেকে ফেরাউনের একটি সোনার ব্রেসলেট নিখোঁজ হয়ে গেছে। প্রায় তিন হাজার বছরের পুরনো এই মূল্যবান অলংকারটি ছিল তদানীন্তন মিশরীয় বাদশাহ ফেরাউনের। আর ফেরাউন ছিল নবী মুসা (আ.) তথা ইসলামের কট্টর দুশমন। ল্যাপিস লাজুলি পাথরে অলংকৃত এই ব্রেসলেটটিকে সর্বশেষ জাদুঘরের ল্যাবরেটরিতে দেখা গিয়েছিল।
মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রক জানিয়েছে, নিখোঁজের খবরটি আইনশৃঙ্খলা বাহিনী এবং জন অভিযোগ দপ্তরের কাছে পাঠানো হয়েছে। দেশের সব বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলবন্দর কর্তৃপক্ষকে ফেরাউনের ব্রেসলেটের ছবি পাঠানো হয়েছে, যাতে বিদেশে পাচারের চেষ্টা রোধ করা যায়।
কায়রো মিউজিয়ামের ডিরেক্টর জানান, সোশ্যাল মিডিয়ায় যে ব্রেসলেটের ছবিটি ঘুরছে, সেটি আসলে প্রদর্শনীর অন্য একটি ব্রেসলেট; নিখোঁজ হওয়া ব্রেসলেটটি নয়।








