পিজি হবে পাঁচতারা কর্পোরেট হাসপাতাল নতুন ভবন উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী
নতুন পয়গাম
কলকাতা, ১৬ সেপ্টেম্বর: কলকাতার পিজি হাসপাতালকে পাঁচতারা কর্পোরেট হাসপাতালে রূপান্তর করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পিজির-র নতুন ভবন ‘অনন্য’ উদ্বোধন করে এই প্রতিশ্রুতি দিয়ে বললেন, স্বাস্থ্য পরিষেবায় একেবারে টিপটপ ঝাঁ চকচকে প্রথম সারির হবে পিজি। যদিও খরচ প্রচুর নয়। বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমের অর্ধেক। ডাক্তারের ফি-সহ সিঙ্গল কেবিন ভাড়া দিনে ৫ হাজার, সুইট ৮ হাজার, এইচডিইউ ১২ হাজার এবং সিসিইউ-আইটিইউ ভাড়া বাবদ রোজ দিতে হবে ১৫ হাজার টাকা। এদিন এসএসকেএমে প্রস্তাবিত ১৩১ কেবিনের এইচডিইউ-সিসিইউ সহ দশতলা অত্যাধুনিক মানের হাসপাতালের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী এসব তথ্য জানান।
উল্লেখ্য, এই মুহূর্তে সরকারি হাসপাতালে প্রাইভেট কেবিনের সুবিধা রয়েছে কেবলমাত্র দিল্লির এইমস-এ। সেই আদলে পিজির পরিষেবার কথা বলেন মুখ্যমন্ত্রী। জানান, পিজির ডাক্তার-নার্সরাই এখানে চিকিৎসা করবেন। অথচ পরিষেবা প্রদানে প্রাইভেট হাসপাতালকেও রীতিমতো টক্কর দেবে। এখান থেকে লভ্যাংশের একাংশ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরাই পাবেন বলে জানা মুখ্যমন্ত্রী।
পুজোর আগেই চারতলা পর্যন্ত কয়েকটি কেবিন চালু হবে। শুরু হবে কয়েকটি বিভাগের আউটডোরও। সেখানে ডাক্তার দেখানোর ফি ৩৫০ টাকা। অপারেশন হবে প্যাকেজে। স্বাস্থ্যসাথী কার্ডে এই হাসপাতালের খরচ মেটানো যাবে।
তুল্যমূল্য বিচারে শহরের প্রথম সারির কর্পোরেট হাসপাতালের তুলনায় এখানকার খরচ কমই। ওইসব জায়গায় সিঙ্গল কেবিনের ভাড়া দিনে ১৪-২০ হাজার টাকা, সুইট ১৫-৩০ হাজার টাকা, আইসিইউ-আইটিইউ দিনপ্রতি ১২-১৫ হাজার টাকা, এছাড়া যোগ হয় ৫ শতাংশ জিএসটি, ডাক্তারের ফি, টেস্ট, ওষুধের দাম। উল্লেখ্য, এদিন ‘অনন্য’ ছাড়াও রোবট, বোন ব্যাঙ্ক, ক্যাথল্যাব, সিটি স্ক্যান-সহ ১৭ রকমের বহুমুখী পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পিজির সুপার ডা. মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারত থেকে জিপমার এবং পিজি-কে বিশেষ কৃতিত্বের জন্য বেছে নিয়েছে।’








