স্ত্রীর পদবি ব্যবহারে ছাড়পত্র আফ্রিকায়
নতুন পয়গাম, জোহানেসবার্গ, ১৪ সেপ্টেম্বর: অধিকাংশ দেশেই বিয়ের পর স্বামীর পদবি নেন স্ত্রী। এবার ঠিক তার উল্টো ছবি দেখা যাবে দক্ষিণ আফ্রিকায়। সে দেশের পুরুষেরা স্ত্রীর পদবিতে পরিচিত হতে পারেন। দেশটির আদালত এই ছাড়পত্র দিয়ে বলেন, পুরুষ কিংবা স্ত্রী ইচ্ছে করলে একে অপরের পদবি গ্রহণ করতে পারে, এক্ষেত্রে কোন আইনি বাধা থাকবে না। এতকাল আইনি যে বাধা ছিল, তাকে ঔপনিবেশিক আমলের আমদানি এবং লিঙ্গ বৈষম্য বলে অভিহিত করেছে আদালত।
দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের এই রায়ে বলা হয়েছে, পদবির ক্ষেত্রে আইনি বাধা যেহেতু সরকারি কোনো স্বার্থ বা উদ্দেশ্য পূরণ করতে পারছে না, তাই এই আইন স্থগিত করা হল। নারীদের প্রতি বৈষম্য প্রসঙ্গে আদালত বলেছে, পদবি ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহারে নারী স্বাধীনতা নতুন মাত্রা পাবে, লিঙ্গ বৈষম্য কমবে। স্বামীর পদবি ব্যবহার বাধ্যতামূলক আইন নারীদের প্রতি বৈষম্যমূলক ছিল।
আদালতের এই রায়ের ফলে পার্লামেন্টে জন্ম-মৃত্যু নিবন্ধন আইন এবং তার জন্য প্রয়োজনীয় নীতিমালা সংশোধন করবে সরকার। আদালত এও বলেছে, ওই আইনে পিতৃতান্ত্রিক সামাজিক মানদণ্ডকে শক্তিশালী করে দেখানো হয়েছে। একজন নারী তাঁর স্বামীর পরিচয়ে পরিচিত হবেন — এটা আর বাধ্যতামূলক নয়। দেশটির সরকার এই মামলায় নিরপেক্ষ ভূমিকা নিয়েছিল, অর্থাৎ এই রায়ে সরকার খুশি।








