ইমরানের সঙ্গে সাক্ষাৎ করে শারীরিক অবস্থার রিপোর্ট দিতে নির্দেশ পাক সুপ্রিম কোর্টের
নতুন পয়গাম, ইসলামাবাদ: কারাবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার নির্দেশ দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে সেই সাক্ষাতের বিস্তারিত রিপোর্ট শীর্ষ আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার পিটিআই-এর আইনজীবীদের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি ও বিচারপতি শহীদ বিলাল হাসানের বেঞ্চ নির্দেশ দিয়েছে, আবেদনকারীদের মধ্য থেকে একজন আইনজীবী রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গিয়ে ৭৩ বছর বয়সি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সুপ্রিম কোর্টের তরফে পিটিআইয়ের আইনজীবী সলমন সফদারকে ‘আদালত বান্ধব’ বা অ্যামিকাস কিউরি হিসেবে নিযুক্ত করা হয়েছে। আদালতের প্রতিনিধি হিসেবেই তিনি জেলে গিয়ে ইমরানের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেবেন। তারপর সেই রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করতে হবে তাঁকে।
পিটিআইয়ের অভিযোগ, গত প্রায় তিন মাস ধরে ইমরান খানের সঙ্গে তাঁর আইনজীবী কিংবা পরিবারের কাউকেই দেখা করতে দেওয়া হয়নি। প্রসঙ্গত, গত বছর ২৪ মার্চ ইসলামাবাদ হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, সপ্তাহে দু’দিন ইমরানের সঙ্গে দেখা করতে পারবেন তাঁর পরিবারের সদস্যেরা। কিন্তু সেই নির্দেশ জেল কর্তৃপক্ষ মানছে না বলে অভিযোগ। ইমরানের বোন আলিমা খান অভিযোগ করেছেন, হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও পরিবারের কাউকে আদিয়ালা জেলে ঢুকতে দেওয়া হচ্ছে না। তিনি জেল সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও দায়ের করেছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের অগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান খান। তাঁর সঙ্গে নিয়মিত সাক্ষাৎ না হওয়া নিয়ে পাকিস্তানের রাজনৈতিক মহলে ও আন্তর্জাতিক স্তরেও প্রশ্ন উঠতে শুরু করেছে।








