পাক সেনাপ্রধানকে ঢালাও ছাড়
নতুন পয়গাম, ইসলামাবাদ:
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল ওয়াসিম মুনিরকে নতুন ক্ষমতা দেওয়ার পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। একইসাথে তাকে গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায়মুক্তিও দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এতে দেশটিতে স্বৈরতন্ত্রের পথ আরও প্রশস্ত হয়েছে। সরকার এটা করেছে, যাতে ভবিষ্যতে সেনা অভ্যুত্থান না হয় বা সরকারকে ক্ষমতাচ্যুত করার পথে না হাঁটে সেনাবাহিনী।
পরমাণু অস্ত্রধারী ভারতের নিকটতম প্রতিবেশী এই দেশটির রাজনীতিতে বরাবর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনাবাহিনী। কখনও কখনও তারা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, আবার অনেক সময় পর্দার আড়ালে থেকে কলকাঠি নেড়েছে। সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ এবং জেনারেল জিয়া-উল-হকের মতো সামরিক নেতাদের প্রকাশ্য নিয়ন্ত্রণের ফলে দেশটি একাধিকবার দোদুল্যমান পরিস্থিতির মধ্যে পড়েছে।

বেসামরিক এবং সামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার এই ভারসাম্যকে হাইব্রিড শাসন হিসাবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। সংবিধানের নতুন সংশোধনীকে এখন সেই ভারসাম্য পরিবর্তন হয়ে সেনাবাহিনীর পক্ষে ঝুঁকে পড়া হিসেবে দেখছেন অনেকে।
২০২২ সালের নভেম্বর থেকে সেনাপ্রধান রয়েছেন ওয়াসিম মুনির। এখন থেকে তিনি পাকিস্তানের নৌ ও বিমান বাহিনীরও তত্ত্বাবধান করবেন। তার ফিল্ড মার্শাল পদবি ও পোশাক আজীবনের জন্য এবং প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক অবসর গ্রহণের পরেও তাকে দায়িত্ব দেওয়া হবে। সরকার পক্ষের যুক্তি, এই সিদ্ধান্ত পাকিস্তানের সামরিক কমান্ড কাঠামোকে আরও স্পষ্ট করে।








