গাজা যুদ্ধে ২ লক্ষাধিক ফিলিস্তিনি হতাহত: গার্ডিয়ান ইসরাইলি হুমকিতে গাজা ছেড়েছে আরও আড়াই লাখ মানুষ
নতুন পয়গাম, রামাল্লা, ১৩ সেপ্টেম্বর:
ফিলিস্তিনের গাজা নগরী এলাকায় কয়েক সপ্তাহ ধরে তীব্র হামলা চালানোর পর থেকে আড়াই লাখেরও বেশি মানুষ শহর ছেড়ে গাজার অন্যান্য অংশে চলে গেছে। শনিবার ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) এই তথ্য জানায়। সেনা মুখপাত্র কর্নেল আভিখাই আদ্রিয়ি বলেন, গাজা নগরীর ২ লাখ ৫০ হাজারেরও বেশি বাসিন্দা নিজেদের নিরাপত্তার জন্য শহর ছেড়ে চলে গেছে। রাষ্ট্রসংঘের ধারণা অনুযায়ী, গাজা নগরী এবং এর আশপাশে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি বসবাস করে।
শনিবার ইসরাইলি সেনারা পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের তাড়াতাড়ি শহর ছাড়ার জন্য লিফলেট বিতরণ করে। একই সময়ে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ব্যাপক বিমান হামলার তথ্য জানিয়েছে। গাজায় হামলা বন্ধ না করে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে ইসরাইল। তবে তাদের দাবি, হামাসকে সমূলে ধ্বংস করার জন্য তারা দৃঢ়প্রতিজ্ঞ।
গত কয়েক সপ্তাহে ইসরায়েলি বাহিনীর গাজার উঁচু ভবনগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা করছে। তারা বলছে, এসব ভবন হামাস ব্যবহার করছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকালেও ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার অন্তত ৫০ জন নিহত হন। ২০২৩ সালে ইসরায়েলের হামলার শুরুর পর থেকে গাজায় ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
এদিকে দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান হারজি হালেভি বলেছেন, গাজা যুদ্ধে ২ লাখের বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছে। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে তিনি বা তাঁর অধীনস্থরা যেকোনো আইনি পরামর্শ উপেক্ষা করেছেন।








