শিক্ষার্থীদের গবেষণা সংস্কৃতি ওরিয়েন্টেশন প্রোগ্রাম কালিয়াচক কলেজে
নতুন পয়গাম, মালদা:
চতুর্থ বর্ষের স্নাতক ছাত্র-ছাত্রীদের গবেষণামূলক শিক্ষার প্রতি আগ্রহ ও উদ্দীপনা বৃদ্ধি ও উপযুক্ত পথনির্দেশনা প্রদানের লক্ষ্যে কলিয়াচক কলেজে NEP 2020 অনুযায়ী এক বর্ণাঢ্য ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’-এর আয়োজন করা হয়। কলেজের রিসার্চ অ্যান্ড এক্সটেনশন কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হয় এই নবতর ধরনের বিষয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম । কলেজের অভিজাত সম্মেলন কক্ষে হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অতিথিদের অংশগ্রহণে গোটা পরিবেশ হয়ে ওঠে জ্ঞানী গুণীদের সমাহারে উৎসবমুখর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের মান্যবর অধ্যক্ষ, অধ্যাপক ড. নাজিবর রহমান। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বিশ্বখ্যাত প্রফেসর কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক, আশুতোষ চেয়ার প্রফেসর এবং বিভাগীয় প্রধান ডক্টর অমিত দে।
অধ্যক্ষ নাজিবর রহমান উদ্বোধনী ভাষণে বলেন, “গবেষণা হল জ্ঞানের শিকড়ের সন্ধান। বর্তমান যুগে শিক্ষা শুধু পুস্তক সীমিত নয়, চিন্তার গভীরে পৌঁছে আমাদের কৌতূহলের উত্তর খুঁজে পাওয়াই প্রকৃত শিক্ষার সূচনার নির্দিষ্ট দিশা। NEP 2020 আমাদের শিক্ষার্থীদের শুধু সিলেবাস ভিত্তিক পড়াশোনা নয়, বরং মৌলিক অনুসন্ধান ও মূল্যায়ন করার সুযোগ প্রদান করছে। আমি বিশ্বাস করি, কলিয়াচক কলেজের শিক্ষার্থীরা ভবিষ্যতে গবেষণার জগতে নিজেদের কর্মদক্ষতা ও সৃজনশীলতা ছড়িয়ে দেবে।”
তিনি আরও বলেন, ” ইউরোপ আমেরিকা সাউথ এশিয়া তথা ভারতীয় উপমহাদেশে খ্যাতিমান অধ্যাপক ডক্টর অমিত দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ চেয়ার প্রফেসর পরিবারগতভাবে ইতিহাস এবং গবেষণা বিষয়ে একজন উজ্জ্বল ব্যক্তিত্ব তার বাবা, অমলেন্দু দে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ ছিলেন তার লেখা আমরা পড়েছি। তার মা ও একজন বিদুষী মহিলা ছিলেন। প্রফেসর অমিত দে, পশ্চিমবাংলা, তামিলনাড়ু নর্থ ইস্ট ইন্ডিয়ার কয়েকটি রাজ্যের সিলেবাস প্রণয়নের সঙ্গে যুক্ত আছেন। এই ধরনের গুণী এবং অভিজ্ঞ ব্যক্তিত্বের জ্ঞানগর্ভ আলোচনা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত সকলকে আলোকিত করবে।” অধ্যক্ষ ডক্টর নাজিবর রহমান, এই ধরনের আলোচনা আয়োজন সম্পর্কে কলেজের রিসার্চ অ্যান্ড এক্সটেনশন কমিটির সদস্যদের তথা প্রত্যেক বিভাগের শিক্ষক-শিক্ষিকা উদ্যোগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
প্রধান বক্তা অধ্যাপক অমিত দে-র মূল্যবান বক্তৃতায় বলেন, “গবেষণা মানেই শুধু কোন সমস্যার উত্তর বের করা নয়, বরং সমস্যা নির্ধারণ, ভাবনা নির্মাণ, তথ্য ও তত্ত্বের বিশ্লেষণ, এবং সমাজের প্রকৃত অবস্থা সম্পর্কে অগাধ অনুসন্ধান। আজকের ছাত্র-ছাত্রীদের উচিত—নতুন প্রশ্ন খোঁজা, সেই প্রশ্নকে সামগ্রিকভাবে বিশ্লেষণ ও জবাবের পথ তৈরি করা। বিশ্বমানের গবেষণার জন্য প্রস্তুতির এই সময়ে, NEP 2020-র উপসংহার আমাদের ছাত্র-ছাত্রীদের নব নব দিগন্তের সামাজিক ঐতিহাসিক, বৈজ্ঞানিক, এবং মানবিক সমস্ত দিকেই গভীর ভাবে উৎসাহিত করছে।” তিনি শিক্ষার্থীদের বলেন, “ভয় নয়, আগ্রহ এবং চর্চার মাধ্যমে গবেষণার জগতে প্রবেশ করুন। কোন আইডিয়া ছোট নয়, প্রকৃত গবেষক তার কৌতূহলকে বড় করে দেখে।”
অনুষ্ঠান পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক গজেন বড়ুই, আইকিউএসি সমন্বয়কারী ড. সুব্রত দাশ এবং গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মনিরুল ইসলাম। NEP 2020-এর গুরুত্ব, নতুন গবেষণাভিত্তিক কারিকুলাম এবং ভবিষ্যৎ শিক্ষার লক্ষ্য নিয়ে বিস্তারিত মত বিনিময় হয়। ছাত্র-ছাত্রীদের জন্য এই ধরনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ভবিষ্যৎ গবেষণামুখী শিক্ষা অর্জন ও মানোন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে সকলেই মত প্রকাশ করেন। আয়োজক কর্তৃপক্ষ জানান, আগামী দিনে আরও গবেষণাপ্রবণ কর্মসূচির আয়োজনের পরিকল্পনা আছে।








