ইডির ৬,৩১২ মামলায় দোষী মাত্র ১২০ জন
নতুন পয়গাম, নয়াদিল্লি:
গত ১১ বছরে কেন্দ্র সরকার দেশজুড়ে বহু অভিযোগে ইডি-কে ব্যবহার করেছে বলে বিরোধীদের অভিযোগ। ভোট এলেই বিরোধী শাসিত রাজ্যে অতি সক্রিয় হয়ে ওঠে ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি বা সংস্থাগুলি। বিরোধীদের দাবি, নিজেদের রাজনৈতিক স্বার্থ বজায় রাখতে কেন্দ্রীয় এজেন্সিকে নির্লজ্জভাবে ব্যবহার করে চলেছে মোদি সরকার। এজন্য ইডি-সিবিআই-আয়কর বিভাগকে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে।
বিরোধী শিবিরের অভিযোগ, কেবলমাত্র বিরোধীদের দমনের লক্ষ্যেই কাজে লাগানো হচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলিকে। এমতাবস্থায় জানা গেল, কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার আসার পর ২০১৪ সালের জুন মাস থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত মোট ৬৩১২টি মামলা রুজু করেছে ইডি। কিন্তু এর মধ্যে মাত্র ১২০ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার প্রশ্নের উত্তরে সংসদে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তাহলে বাকি ৬২০০ মামলার কী হল? সেগুলি কি শুধুই বিরোধীদের ভয় দেখিয়ে চুপ করানোর ষড়যন্ত্র ছিল? কংগ্রেস বলেছে, নরেন্দ্র মোদি ইডি-কে নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে হাতিয়ার বানিয়েছে। এটি সরাসরি গণতন্ত্রের উপর হামলা।

উল্লেখ্য, ২০১৯-২০ থেকে লাফিয়ে লাফিয়ে বেড়েছে আর্থিক দুর্নীতি প্রতিরোধ আইনে রুজু হওয়া মামলার সংখ্যা। তার আগে পর্যন্ত ইডির মামলা ২০০-রও কম ছিল। ২০১৯-২০ সালে তা বেড়ে হয় ৫৫৭। পরের বছর হয় ৯৯৬। ২০২১-২২ সালে তা বেড়ে হয় ১১১৬। অবশ্য ২০১৯ সালের ১ আগস্ট থেকে ৯৩টি আর্থিক প্রতারণা মামলায় কোনও প্রমাণ মেলেনি বলে ক্লোজার রিপোর্ট দাখিল করেছে ইডি। সব মিলিয়ে ১১ বছরে দোষী সাব্যস্ত হয়েছেন মাত্র ১২০ জন। এক্ষেত্রে কংগ্রেসের বক্তব্য, বিগত ১০ বছরে ১৯৩ জন বিরোধী সাংসদ, বিধায়ক, নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে মাত্র ২ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে। সুতরাং এই তথ্য থেকে স্পষ্ট যে, ইডিকে নিজের মতো কাজ করতে দেওয়া হয় না।
কেবলমাত্র বিরোধীদের দমনের লক্ষ্যে কেন্দ্র সরকার ইডিকে যথেচ্ছভাবে ব্যবহার করছে। গত ১১ বছরে একজনও সরকার পক্ষের বা এনডিএ জোটের নেতা, বিধায়ক, সাংসদ বা মন্ত্রীর পিছনে ইডি লাগানো হয়নি। ইডি যত কাজ করছে শুধুমাত্র বিরোধীদের শুদ্ধিকরণ করতে। ইডির জুজু দেখিয়ে সেইসব ব্যক্তিকে বিজেপিতে টেনে নেওয়া হয়েছে। এভাবেই বিজেপি দেশজুড়ে অপারেশন লোটাস চালিয়ে বিভিন্ন রাজ্যে সরকার ভেঙেছে, বিরোধী শিবিরের নেতাদেরকে ভাঙিয়ে নিজেরা সরকার গড়েছে বলে অভিযোগ বিরোধী শিবিরের।








