সর্ব আত্মা দিবস পালন
হাসান লস্কর বাবলু, নতুন পয়গাম, দক্ষিণ ২৪ পরগনা:
রবিবার ২ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অঞ্চলে শ্রদ্ধা ও ধর্মীয় ভক্তিভরে পালন করা হলো খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ব আত্মা দিবস (All Souls’ Day)। মৃত আত্মাদের স্মরণ ও তাঁদের শান্তি কামনায় দিনভর নানা ধর্মীয় অনুষ্ঠান হয়।
প্রতিবছরের মতো এ দিনেও চার্চে বিশেষ প্রার্থনা ও ‘রিকুয়েম মাস’ অনুষ্ঠিত হয়। ভোর থেকেই ধর্মপ্রাণ খ্রিস্টানরা কবরস্থান পরিদর্শন করেন, পরিস্কার–পরিচ্ছন্নতা করেন এবং প্রিয়জনদের সমাধিতে ফুল, মালা ও মোমবাতি অর্পণ করেন। মোমবাতির আলোয় বিভিন্ন কবরস্থান সেজে ওঠে শান্ত ও গম্ভীর পরিবেশে।
খ্রিস্টানদের বিশ্বাস, জীবিতদের প্রার্থনা ও সৎকর্ম মৃতদের আত্মাকে মুক্তি ও ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছতে সাহায্য করে। এ দিনটি মূলত মৃত পরিবার–পরিজন, বন্ধু এবং পরিচিতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর একটি বিশেষ দিন।
দক্ষিণ ২৪ পরগনার জয়নগর–২ ব্লকের নলগোড়া অঞ্চলের সোনাটিকারি এলাকাতেও এই উপলক্ষ্যে স্থানীয় চার্চ ও কবরস্থানে যথাযথ মর্যাদায় প্রার্থনা ও আলো প্রজ্বলন কর্মসূচি পালিত হয়। এলাকার খ্রিস্টান সমাজের সদস্যরা প্রচলিত নিয়ম অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দিনটি পালন করেন।








