নব বারাকপুর কলেজের হীরক জয়ন্তী উৎসবের উদ্বোধনে চন্দ্রিমা-জয় গোস্বামী
নতুন পয়গাম,
ব্যারাকপুর, ১৫ সেপ্টেম্বর:
নব বারাকপুর প্রফুল্ল চন্দ্র মহাবিদ্যালয়ের বর্ষব্যাপী হীরক জয়ন্তী উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের স্বাস্থ্য ও অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কবি জয় গোস্বামী এবং নব বারাকপুরের পুরপ্রধান প্রবীর সাহা। সোমবার ১৫ সেপ্টেম্বর কলেজের নিজস্ব অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন হয় মন্ত্রীর হাত দিয়ে। ছাত্র-ছাত্রীদের হস্তশিল্প ‘আনন্দ মেলা’র প্রদর্শনী ছিল কলেজ প্রাঙ্গণের লনে। জয় গোস্বামী তাঁর বক্তব্যে পশ্চিমবঙ্গে শিক্ষা, প্রশাসন ও নানা কর্মকাণ্ডে নারীর ক্ষমতায়নের দিকটি তুলে ধরে বলেন, ওঁর ‘মালতীবালা বালিকা বিদ্যালয়’ কবিতাটি আজকের প্রেক্ষিতে সেকেলে হয়ে গেছে। কারণ, নারী এখানে শুধু যে পুরুষের সমকক্ষ তা নয়, বিভিন্ন পর্যায়ে পুরুষদেরও পথ দেখাচ্ছেন নারীরা। গাজায় নারী ও শিশুঘাতী কর্মকাণ্ডেরও নিন্দা করেন কবি।
কলেজের অধ্যক্ষ ড. সুনীল কুমার বিশ্বাস জানালেন, ‘হীরক জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে নিয়মিত কাজকর্মের অতিরিক্ত আমরা ‘ষাট দফা কর্মসূচি’ হাতে নিয়েছি। সারা বছর ধরে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ইত্যাদি চলতে থাকবে। নিছক অনুষ্ঠান নয়, কলেজকে গৌরবময় ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়াই আমাদের এই উদযাপনের উদ্দেশ্য।’ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির সদস্য শিক্ষারত্ন অধ্যাপক ড. অনির্বাণ সরকার, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ওএসডি অশোক কুমার মুখোপাধ্যায়, প্রতিবেশী বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ও বিশিষ্ট প্রাক্তনীরা।








