রাজ্যে ডাক্তার-নার্সদের নিরাপত্তায় নৈশরক্ষী নিয়োগ
নতুন পয়গাম, কলকাতা:
‘রাত্তিরের সাথী’ প্রকল্পে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানে ১৫১৪ জন নিরাপত্তারক্ষী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য। ইতিমধ্যেই এ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের ২৯টি মেডিকেল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ করবে রাজ্য সরকার। ৮ আগস্ট ২০২৪ আরজি কর হাসপাতালে অভয়া কাণ্ডের পর রাতে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, ১৫১৪ জন নিরাপত্তারক্ষীর মধ্যে ৯১০ জন মহিলা। বাকি ৬০৪ জন পুরুষ নিয়োগ করা হবে। ২৯টির মধ্যে ২৪টি পুরোদস্তুর মেডিকেল কলেজ, আর পাঁচটি মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান হল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন, ইনস্টিটিউট অব সাইকিয়াট্রি, আইডি, বি.সি রায় হাসপাতাল এবং চিত্তরঞ্জন শিক্ষা ও সেবাসদন। সবথেকে বেশি ১২০ জন প্রাইভেট সিকিউরিটি মোতায়েন থাকবে পিজি-তে। ৮৫ জন নিরাপত্তারক্ষী পাবে আরজি কর। আর এনআরএস, কলকাতা মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী এবং ডায়মন্ডহারবার মেডিকেল কলেজে নিয়োগ হবে রাত্তিরের সাথী প্রকল্পের আওতায় ৭৫ জন করে বেসরকারি সিকিউরিটি বা নিরাপত্তাকর্মী।








