শতবর্ষীদের দীর্ঘ জীবনের রহস্য উন্মোচনে নতুন গবেষণা
আন্তর্জাতিক ডেস্ক
নতুন পয়গাম,ওয়াশিংটনঃ
শতবর্ষী মানুষদের একটি প্রশ্ন হামেশাই শুনতে হয়—‘আপনার দীর্ঘ জীবনের রহস্য কী?’ কেউ বলেন খাদ্যাভ্যাস, কেউ বলেন ইতিবাচক মানসিকতা, আবার কেউ জেনেটিক্সের কথা তোলেন। তবে এবার গবেষকেরা বৈজ্ঞানিকভাবে সেই রহস্য অনুসন্ধান করেছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক চিকিৎসা সাময়িকী সেল রিপোর্টস মেডিসিন-এ প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে, কিছু মানুষের দীর্ঘায়ুর মূল কারণ দুটি—বিশেষ জিনগত বৈশিষ্ট্য এবং স্বাস্থ্যকর জীবনযাপন।
গবেষণায় কেন্দ্রবিন্দুতে ছিলেন বিশ্বের প্রবীণতম নারী মারিয়া ব্রানিয়াস মোরেরা। স্প্যানিশ বংশোদ্ভূত এই মার্কিনি নারী ২০২৪ সালের আগস্টে ১১৭ বছর ১৬৮ দিন বয়সে মারা যান। জীবিত থাকতেই তাঁর রক্ত, লালা ও মলমূত্রের নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করেছিলেন গবেষকেরা।
স্পেনের বার্সেলোনার জোসেপ ক্যারারাস লিউকেমিয়া রিসার্চ ইনস্টিটিউটের গবেষক মানেল এস্তেলার জানান, মোরেরা ছিলেন উদার ও প্রাণবন্ত একজন মানুষ। তাঁর জিনে এমন কিছু বৈশিষ্ট্য ছিল, যা তাঁকে বহু রোগ থেকে সুরক্ষা দিয়েছে।
তবে শুধু জিনই নয়, তাঁর জীবনযাপনও ছিল বিশেষ। তিনি কখনো ধূমপান বা মদ্যপান করেননি, থাকতেন খোলামেলা পরিবেশে, নিয়মিত হাঁটতেন, কাজ চালিয়ে যেতেন বয়সের শেষভাগ পর্যন্ত। ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাস মেনে তিনি প্রতিদিন দই ও অলিভ অয়েল খেতেন।
গবেষকেরা বলছেন, জিন ও জীবনধারা—দুটোই তাঁর দীর্ঘ জীবনের পেছনে সমান ভূমিকা রেখেছে।
কিংস কলেজ লন্ডনের অধ্যাপক ক্লেয়ার স্টিভস গবেষণাটিকে অসাধারণ অভিহিত করে বলেন, বার্ধক্য নিয়ে এত বিস্তারিত বৈজ্ঞানিক অনুসন্ধান এর আগে খুব কম হয়েছে।








