মক্কা নগরী ঘিরে নতুন পরিকল্পনা
নতুন পয়গাম, রিয়াধ:
সৌদি আরব মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের বাইরে একটি বিশাল সম্প্রসারণ প্রকল্পের ঘোষণা দিয়েছে। এর আওতায় নামায, আবাসন ও আতিথেয়তার জন্য পবিত্র স্থানের কাছাকাছি উঁচু টাওয়ার নির্মাণ করা হবে। বর্তমান বাদশাহের নামে ‘কিং সালমান গেট’ নামে এই প্রকল্প বুধবার উদ্বোধন করা হয়।
সৌদি আরবের সর্বোচ্চ ক্ষমতাধর নেতা তথা হবু বাদশাহ ক্রাউন প্রিন্স বিন সালমান ১২ মিলিয়ন বর্গমিটার জুড়ে এই প্রকল্প গড়ে তুলবেন। এর মধ্যে থাকবে আবাসিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক ও হোটেল-আবাসনের সুবিধা। এছাড়া ইনডোর এবং আউটডোরে একসঙ্গে প্রায় ৯ লাখ মানুষের নামায আদায়ের ব্যবস্থা থাকবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো প্রস্তাবিত প্রকল্পের ভিডিওয় দেখা গেছে, মক্কা নগরীর পাশ দিয়ে সুবিশাল উঁচু উঁচু ভবনগুলো দাঁড়িয়ে আছে। এর ওপরে দিয়ে উড়ে যাচ্ছে শান্তির পায়রা। এই মেগা প্রকল্প বাস্তবায়নে কাজ করবে ‘রুয়া আলহারাম আলমাক্কি’ নামে একটি প্রতিষ্ঠান। নতুন প্রকল্পটি বাস্তবায়ন হলে ৩ লাখ মানুষের কর্মসংস্থান হবে।
২০৩০ সালের মধ্যে পবিত্র নগরী মক্কায় ৩ কোটি হজ যাত্রীকে স্বাগত জানানোর লক্ষ্যে ব্যাপক কর্মতৎপরতা শুরু করেছে সৌদি আরব। অন্যান্য মেগা প্রোজেক্টের পাশাপাশি মক্কা-মদিনাকে ঘিরে এই পরিকল্পনা সাজিয়েছে সৌদি সরকার।
তবে একইসঙ্গে মহানবী (সা.) এর দেশটিতে ইতিমধ্যেই অবাধ নারী স্বাধীনতা, সিনেমা হল, হালাল নাইট ক্লাব, বিদেশি পর্যটকদের জন্য বিশেষ বিশেষ জায়গায় পানশালা বা মদ বিক্রি ও মদ পানের ছাড়পত্র ইত্যাদি দেওয়া হয়েছে। এসবই হচ্ছে পশ্চিমা দেশে পড়াশোনা করা ও পশ্চিমা সংস্কৃতিতে বিশ্বাসী ক্রাউন প্রিন্সের ইচ্ছায়। কয়েক বছর আগে তিনি ঘোষণা করেছিলেন, তাঁর স্বপ্ন হল আরবকে ‘মধ্যপন্থী ইসলামের দেশ’ বানানো। যেখানে ইসলামের মৌলিক মানবীয় নীতিমালাকে শিথিল করা হবে। লক্ষ্য হল, আরো বেশি করে বিদেশি পর্টযক টানা। পর্টযন খাতে আমদানি বাড়লে তাদের দেশের রাজকোষ ফুলেফেঁপে উঠবে। এবং সর্বোপরি পশ্চিমারা তাকে অচিরেই বাদশাহের মসনদে বসাবে। অর্থাৎ গদির লোভে তিনি নবীজী (সা.) এর দেশ থেকে ইসলামের পাট চুকিয়ে দিতে সচেষ্ট হয়েছেন।








