নতুন গতির গ্রন্থ প্রকাশ ও আলোচনা সভা
নতুন পয়গাম, কলকাতা:
আলিয়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে নতুন গতি পত্রিকার উদ্যোগে সম্প্রতি দুটি গ্রন্থ প্রকাশিত হয়। একটি হল সংস্কৃতিমনস্ক বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষাব্রতী তথা বাংলার ভূমিপুত্র ‘বাংলার গৌরব মোস্তাক হোসেন’, লেখক আব্দুল রউফ। আরেকটি হল মোস্তাক হোসেনকে নিবেদিত কবিতা সংকলন ‘হৃদয়ের শব্দ শুনি’। সম্পাদনা করেছেন এমদাদুল হক নূর ও মনিরা খাতুন। এই উপলক্ষে আলিয়া বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গানে, কাব্যে, বক্তৃতায় অত্যন্ত মনোজ্ঞ হয়ে ওঠে সভাগৃহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপাসনা ব্যানার্জী চক্রবর্তীর গজল পরিবেশন সকলকে মুগ্ধ করে।
এদিনের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান ও আলোচনাসভায় আমন্ত্রিত বিভিন্ন বক্তা বাঙালি শিক্ষাব্রতী ও দানবীর মোস্তাক হোসেনের সমাজসেবার বহুমুখী ভূমিকার কথা তুলে ধরেন। সভাপতির ভাষণে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের আর্টসের ডিন ড. জ্যোতিপ্রসাদ রায় জনাব মোস্তাক হোসেন সাহেবের শিক্ষার প্রতি অনুরাগ ও ছাত্র-ছাত্রীদের প্রতি তার দায়বদ্ধতার কথা উল্লেখ করেন। বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক ও সাহিত্যিক অধ্যাপক ড. কুমারেশ চক্রবর্তী মহাশয় মোস্তাক হোসেন সাহেবের পারিবারিক পরিচিত, সংস্কৃতি ও মানবিকতার বিভিন্ন দিক তুলে ধরেন। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন বিধায়ক ও সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী, ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. নূরুস সালাম, সেখ নুরুল হক, ড. মুকলেসুর রহমান, ড. সুরঞ্জন মিদ্দে, ড. সাইফুল্লাহ, ড. শেখ কামালউদ্দিন, সৌমিত্র দস্তিদার, মোহাম্মদ ইয়াসিন এবং মোস্তাক হোসেনের কন্যা তথা জি.ডি হাসপাতালের সিইও মুশরেফা হোসেন প্রমুখ বিশিষ্টজন।
সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন অধ্যাপিকা মনীষা চক্রবর্তী, তুহিনা হক, উপাসনা ব্যানার্জী চক্রবর্তী, দীপা দাস ও রোজিনা বেগম। এছাড়া কয়েকজন স্বরচিত কবিতা পাঠ করেন। সঞ্চালনা করেন মনিরুল ইসলাম।








