একা লড়লে ইসরাইলকে ৩ দিনে শায়েস্তা করতে পারি: ইরান
নতুন পয়গাম, তেহরান:
পরমাণু ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যকে ‘মিথ্যা ও মনগড়া’ বলে উড়িয়ে দিয়েছে ইরান। নেতানিয়াহু দাবি করেছেন, ইরান এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা সুদূর আমেরিকার শহরগুলোতে পর্যন্ত আঘাত হানতে সক্ষম। মার্কিন সাংবাদিক বেন শাপিরো-র সঙ্গে সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরান এখন ৮ হাজার কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। আর মাত্র ২-৩ হাজার কিমি. যোগ করলেই তারা নিউইয়র্ক, ওয়াশিংটন, বোস্টন, মিয়ামি এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনেও আঘাত হানতে পারবে।
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি এ বক্তব্যকে বানোয়াট বলে কটাক্ষ করে বলেন, নেতানিয়াহু কেবলই ইরান-আতঙ্কে ভুগছে। ইসরাইল ইরানের আত্মরক্ষামূলক সামরিক সক্ষমতাকে বিকৃতভাবে উপস্থাপন করে সেটিকে হুমকি হিসেবে দেখাতে চায়। আসলে ইরান নিয়ে দিন-রাত দুশ্চিন্তা আর উদ্বেগে নেতানিয়াহুর মাথাটাই খারাপ হয়ে গেছে। নিজে কিছু করতে না পেরে এবার ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন। কিন্তু কারো কাছে মাথা নত করেনি, করবে না। আমেরিকা সাহায্য বন্ধ করলে ইসরাইলকে ৭২ ঘণ্টার মধ্যে শায়েস্তা করে দেওয়ার ক্ষমতা রাখে ইরান।








