ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: ইউনূস
নতুন পয়গাম, ঢাকা:
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই বলে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই। উৎসবমুখর পরিবেশে হবে। তার জন্য যা যা করতে হয়, সাধ্য অনুযায়ী আমরা সবকিছু করব। এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না।
রাজনৈতিক দলের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে ইউনূস বলেন, আপনাদের দীর্ঘদিনের আলোচনার ফসল জুলাই সনদ। আপনারা অনেক ভেবেচিন্তে মতামত দিয়ে জুলাই সনদকে চূড়ান্ত পর্যায়ে এনেছেন। এতে আপনারাও ইতিহাসের অংশ হয়ে গেছেন। এদিনের বৈঠকে অংশ নেন বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।








