নলহাটি থানার উদ্যোগে শিশুদের হাতে পুজো উপহার
মোহাম্মদ সানাউল্লা
নতুন পয়গাম, নলহাটি:
খাঁকি পোশাক মানেই ভয়—এই ধারণা ভাঙতে বীরভূম জেলা পুলিশের এক মানবিক উদ্যোগ। নলহাটি থানার ব্যবস্থাপনায় দুর্গোৎসবের আগে এলাকার আর্থিকভাবে পিছিয়ে থাকা শিশুদের হাতে পুজোর উপহার তুলে দিলেন পুলিশকর্মীরা।
পুলিশের এই উদ্যোগে শুধু শিশুদের মুখেই হাসি ফোটেনি, তাদের মনে তৈরি হয়েছে আত্মবিশ্বাসও। উপস্থিত বিশিষ্টজনেরা জানান, এই ধরনের উদ্যোগ শিশুদের পুলিশ সম্পর্কে ইতিবাচক ধারণা গড়ে তুলবে এবং ভবিষ্যতে তাদের জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নলহাটি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সেখ মোহাম্মদ আলি বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের কর্ণধার। তাদের হাসিখুশি ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুরারই সার্কেলের ইন্সপেক্টর বিপ্লব মাইতি-সহ নলহাটি থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা। উৎসবের আবহে পুলিশের এই মানবিক স্পর্শ শিশুদের জীবনে নতুন মাত্রা যোগ করল।








