চোপড়ার সন্ধ্যার আকাশে রহস্যময় আগুনের গোলা, এলাকাজুড়ে চাঞ্চল্য
রৌশন আলম, নতুন পয়গাম, চোপড়া:
বৃহস্পতিবার সন্ধ্যায় চোপড়া এলাকায় হঠাৎ করেই আকাশে একটি জ্বলন্ত আগুনের গোলা দেখা যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্ধ্যা নামার কিছুক্ষণ পর পশ্চিম আকাশে দ্রুতগতিতে ছুটে চলা উজ্জ্বল আগুনের মতো একটি বস্তু দেখা যায়, যার পেছনে লালচে আলো ও ধোঁয়ার মতো লেজ স্পষ্ট ছিল।
ঘটনাটি কয়েক সেকেন্ড স্থায়ী হলেও অনেকেই মোবাইলে সেই দৃশ্য ধারণ করার চেষ্টা করেন। কেউ কেউ প্রথমে এটিকে বিমানের দুর্ঘটনা, অলৌকিক,আবার কেউ ড্রোন বা অজানা কোনো মহাকাশীয় বস্তু বলে মনে করেন। মুহূর্তের মধ্যেই বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়ে।
বিশেষজ্ঞদের মতে, এটি কোনো বিস্ফোরণ বা বিমান দুর্ঘটনা নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি উল্কা বা বড় আকারের ফায়ারবল। মহাকাশ থেকে আসা পাথর বা ধাতব বস্তু যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন প্রচণ্ড গতির কারণে ঘর্ষণে জ্বলে ওঠে এবং এমন আগুনের গোলার মতো দৃশ্য তৈরি হয়।
জ্যোতির্বিজ্ঞানীদের ব্যাখ্যায়, বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের উল্কা বায়ুমণ্ডলেই পুড়ে যায় এবং মাটিতে পড়ার আশঙ্কা থাকে না। ফলে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে উজ্জ্বল ও বড় হওয়ার কারণে এই ধরনের উল্কা বিরলভাবে চোখে পড়ে এবং স্বাভাবিকভাবেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
উল্লেখ্য, বছরের নির্দিষ্ট কিছু সময়ে উল্কা দেখা যাওয়া স্বাভাবিক একটি প্রাকৃতিক ঘটনা। তবে খোলা চোখে এত স্পষ্টভাবে আগুনের গোলার মতো উল্কা দেখা যাওয়ায় চোপড়ার মানুষ এই বিরল দৃশ্যের সাক্ষী হয়ে রইল।








