আততায়ীর থেকে বন্দুক ছিনিয়ে ‘হিরো’ আহমেদ অস্ট্রেলিয়ায় ইহুদিদের প্রাণ বাঁচালেন মুসলিম ফল বিক্রেতা
নতুন পয়গাম, সিডনি:
অস্ট্রেলিয়ায় ইহুদিদের ধর্মীয় উৎসব ‘হুকুক’ চলাকালে সমুদ্রসৈকতে হাজারো ইহুদি ভিড় করেছিলেন। সেখানেই এলোপাথাড়ি গুলি চালিয়ে রবিবার হত্যা করা হয় ১৩ জনকে। নিরীহ মানুষের ভিড় লক্ষ্য করে তখন গাছের আড়াল থেকে একের পর এক গুলি ছুড়ে যাচ্ছে আততায়ী। চারদিকে আতঙ্ক, হন্যে হয়ে ছোটাছুটি আর কান্নার আওয়াজ। প্রাণ বাঁচাতে বন্ডি সৈকত থেকে ছুটে পালাচ্ছেন পর্যটকরা। পাশের রাস্তাতেও পথচারীদের একই অবস্থা। তবে ভয় পাননি আল আহমেদ। গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা আততায়ীকে সুযোগ বুঝে তিনি পিছন থেকে জাপটে ধরেন।
এরপর কয়েক সেকেন্ড হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তির পর তার বন্দুকও ছিনিয়ে নিয়ে পালটা তাক করেন। ভয়ে নিরস্ত্র সেই আততায়ী পিছু হটতে বাধ্য হয়। সোশ্যাল মিডিয়ায় ১৫ সেকেন্ডের সেই ভিডিওই এখন ভাইরাল। বিশ্বজুড়ে আল আহমেদের জয়জয়কার। পেশায় ফল বিক্রেতা আল আহমেদ কোনওদিনই বন্দুক হাতে তোলেননি। সাধারণ একজন নাগরিক হিসেবে হয়ত আতঙ্কে সেই সময় তাঁরও ঘটনাস্থল ছেড়ে পালানোর কথা। তবে তা না করে প্রবল সাহসিকতার নজির গড়লেন আহমেদ।
উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে মাথা ঠান্ডা রেখে চকিত পরিকল্পনায় ইহুদিদের প্রাণে বাঁচালেন এই মুসলিম যুবক। বন্দুক কেড়ে নিতে গিয়ে দু’টি গুলিও লাগে তাঁর। তার ভাই মুস্তাফা জানান, গুলিবিদ্ধ আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস বলেছেন, আল আহমেদ সত্যিকার অর্থেই ‘হিরো’। কিন্তু ইসরাইলের প্রধানমন্ত্রী আহমেদকে নিয়ে কোনও মন্তব্য করেননি।








