ছাগল চুরিকে কেন্দ্র করে খুন, দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ ২০২১ সালে একটি ছাগল চুরির ঘটনাকে কেন্দ্র করে বিবাদ গড়িয়ে খুন করা হয় চুঁচুড়ার নন্দীর মাঠ এলাকার তপন মালিক নামে এক যুবককে। এই অভিযোগে মঙ্গলবার দুই যুবককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শোনাল হুগলির অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। আদালত সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে চুঁচুড়া থানার অন্তর্গত নন্দীর মাঠ এলাকার। গত ২০২১ সালের ১২ জুলাই কয়েকজন বন্ধু মিলে ছাগল চুরি করে পিকনিক করেছিল। এই চুরির ঘটনাটি জানতে পেরে ছাগলের মালিককে জানিয়ে দেয় পাড়ার আর এক যুবক তপন মালিক। সেই আক্রোশে তপনকে রাস্তায় ফেলে মারধর করে অনুপম দাস ও অরুন পাশোয়ান নামে দুই যুবক। সেই সময় এলাকার মানুষ তাদের হাত থেকে তপনকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেয়। তপনের মা রীতা মালিকের অভিযোগ, ওই দিন রাতে ঠাকুমার সাথেই বাড়িতে ছিলেন তপন। সেসময় আবারও তাদের বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা। তখন তারা বাড়ি থেকে তুলে নিয়ে যায় তপনকে। পরের দিন সকালে তার মৃতদেহ উদ্ধার হয় নন্দীর মাঠ এলাকা থেকে। ১৩ই জুলাই ২০২১ তারিখে তপনের মা রীতা মালিক, পুচি দাস, বিট্টু দাস, অনুপম দাস এবং অরুন দাস এই চারজনের নামে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন।
চুঁচুড়া আদালতের সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান, চারজনের নামে অভিযোগ দায়ের হলেও তদন্ত শেষে তদন্তকারী পুলিশ আধিকারিক ৮ অক্টোবর ২০২১ তারিখে চার্জশিট জমা দেন। ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জন ঘটনার সাক্ষ্য দেন। চারজনের মধ্যে দুইজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত তাদের মামলা থেকে মুক্তি দেয়। বাকি দুই অভিযুক্ত অনুপম দাস ও অরুন পাশোয়ানকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক রিন্টু সুর দোষীদের যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা ধার্য করেন। অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদন্ডের আদেশ দেন।








