রামপুরহাটে নাবালিকা হত্যাকাণ্ড, গ্রেফতার স্কুল শিক্ষক
খান সাহিল মাজহার
নতুন পয়গাম, বীরভূম:
বীরভূমের রামপুরহাটে ২০ দিন আগে নিখোঁজ হওয়া এক নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানার অন্তর্গত কালিডাঙা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮শে আগস্ট থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে সোমবার রাত আনুমানিক এগারোটার সময় গোপন সূত্রে খবরের ভিত্তিতে কালিডাঙা থেকে খর্বনা যাওয়ার রাস্তার ধারের একটি নির্জন কান্দর থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার করে পুলিশ।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমে রামপুরহাট থানার পুলিশ এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শিক্ষকই এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন। নিহত নাবালিকার পরিবারও শোকাহত অবস্থায় একই দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, “আমাদের মেয়েকে যারা মেরেছে, তাদের যেন কোনোভাবেই ছাড়া না হয়।”
পুলিশ আশ্বাস দিয়েছে, দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই তদন্ত দ্রুতগতিতে এগোচ্ছে বলে জানা গিয়েছে।








