‘সুপুষ্টি দিবস’-এ উলুবেড়িয়ায় অপুষ্টি রোধে পুষ্টিকর রান্নায় উৎসাহ মায়েদের
অতসী মন্ডল
নতুন পয়গাম, হাওড়া:
বুধবার উলুবেড়িয়া-১ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ‘সুপুষ্টি দিবস’-এর অনুষ্ঠানে একদিকে পাঁচজন গুরুতর অপুষ্ট (SAM) ও দশজন মাঝারি অপুষ্ট (MAM) শিশু তাঁদের মায়েদের সঙ্গে হাজির হন। অন্যদিকে আইসিডিএস দিদিরা রান্নার প্রদর্শনীতে দেখালেন—কম খরচে কীভাবে বানানো যায় পুষ্টিকর খাবার। সেই রান্নার স্বাদ নিতে ও কৌশল শিখতে গর্ভবতী মায়েরাও উৎসাহে ভরল।
এদিনের দিনভর কর্মসূচিতে ছিল শিশু ও মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকদের সরাসরি পরামর্শ, সচেতনতা ও প্রদর্শনী। আলোচনায় উঠে আসে মাতৃদুগ্ধের গুরুত্ব, হাত ধোয়ার অভ্যাস, কিশোরী মাতৃত্বের ঝুঁকি এবং সুষম খাদ্যের প্রয়োজনীয়তা।
শেষে SAM ও MAM শিশু এবং গর্ভবতী মায়েদের হাতে বিশেষ পুষ্টি সামগ্রী তুলে দেওয়া হয়। বিডিও রিয়াজুল হক বলেন, “সকল শিশু ও মা যাতে অপুষ্টিমুক্ত থাকে, সেটি আমাদের সম্মিলিত দায়িত্ব। এ ধরনের কর্মশালা সমাজে স্থায়ী পুষ্টি-সচেতনতা গড়ে তুলতে সহায়ক হবে।”
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া-১ ব্লকের বিডিও এইচ. এম. রিয়াজুল হক, সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক, যুগ্ম বিডিও সুমন বিশ্বাস, বিএমওএইচ ডা. অর্পিতা রায়, সিডিপিও সুদীপ্ত চক্রবর্তী, এসিডিপিও সমিত ঘোষ সহ পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লকের স্বাস্থ্যকর্মী, আইসিডিএস কর্মী ও স্থানীয় জনগণ।








