এরিয়ান কে হারিয়ে জয়ের সরণীতে মহামেডান
নতুন পয়গাম, কলকাতা:
ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগের এবারের আসরে সেভাবে মেলে ধরতে পারেনি মহামেডান স্পোর্টিং ক্লাব। পরপর দুটি ম্যাচে জয় পাওয়ার পর বেশ কয়েকটি ম্যাচে পরাজয়ের মুখ দেখেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। ফলে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছিল ময়দানের এই শতাব্দী প্রাচীন ক্লাব। এদিন ব্যারাকপুর স্টেডিয়ামে সাদাকালো ব্রিগেড এরিয়ান ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল জয়ের খোঁজে। খেলার শুরু থেকেই দু দলের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। মহামেডান স্পোর্টিংয়ের আক্রমণ বেশি থাকলেও খেলার প্রথম পর্বে অনেক সুযোগ পেয়েও গোল করতে পারেনি। পাল্টা আক্রমণে এরিয়ানও নিজেদের গোলের মুখ খুলতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সাদা-কালো ব্রিগেড। এরিয়ান ক্লাবের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে থাকে। খেলার ৬৫ মিনিটের মাথায় সজল বাগ গোল করে মহামেডান স্পোটিং ক্লাব কে এগিয়ে রাখে। পিছিয়ে থেকেও এরিয়ান গোলের সমতা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করলেও প্রতিপক্ষের রক্ষণভাগে সেভাবে ফাটল ধরাতে পারেনি। শেষ পর্যন্ত এই ম্যাচ থেকে মহামেডান স্পোর্টিং ক্লাব জয় তুলে নেওয়ার পাশাপাশি পূর্ণ পয়েন্ট নিয়ে জয়ের সরণীতে ফিরল। এই ম্যাচে জয়ের পাশাপাশি ১১ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১০ নম্বর স্থানে অবস্থান করছে সাদাকালো ব্রিগেড। অন্যদিকে এই ম্যাচে হারের ফলে এরিয়ান একেবারে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।








