মোদির শাসন স্বর্ণযুগ: অমিত শাহ
নতুন পয়গাম, নয়াদিল্লি, ২২ আগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকালকে দেশের ইতিহাসে স্বর্ণযুগ বা অমৃতকাল বলে দাবি করলেন কেন্রীরধয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্র সরকারের সেকেন্ড ইন কমান্ডের কথায়, স্বর্ণাক্ষরে লেখা থাকবে নরেন্দ্র মোদির ১১ বছরের শাসনকাল ও তাঁর সরকারের সাফল্য। মোদির নেতৃত্বে এই জয়যাত্রা ভারতকে অনেকদূর এগিয়ে নিয়ে গিয়েছে — এমনটাই মনে করেন শাহ।
শুক্রবার কেরলে এক অনুষ্ঠানে তিনি বলেন, অটলবিহারী বাজপেয়ীর আমলে ভারতীয় অর্থনীতি ছিল ১১তম স্থানে। আর নরেন্দ্র মোদির ১১ বছরে ভারতের অর্থনীতি বিশ্বের নিরিখে চতুর্থ স্থানে উঠে এসেছে। শাহের অঙ্গীকার, যতদিন না আমরা শীর্ষস্থান দখল করতে পারছি, ততদিন বিশ্রাম নেব না। একাজে কারও বিশ্রাম নেওয়ার অধিকার নেই। স্বাধীনতার ৭৫তম বর্ষ থেকে শতবর্ষে পদার্পণের এই যাত্রায় প্রত্যেক ভারতবাসীকে তাদের সর্বাত্মক শক্তি ও মেধা নিয়োগ করতে হবে। তিনি এও দাবি করেন, শান্তি এবং উন্নয়নে বিগত ১১ বছর ভারতের ইতিহাসে স্বর্ণযুগ। এই অমৃত কালের কথা লেখা থাকবে স্বর্ণাক্ষরে।








