‘এই সরকারকে হটাবই’ মোদির গ্যারান্টি বনাম রাহুলের চ্যালেঞ্জ
নতুন পয়গাম, নয়াদিল্লি:
এবার ওঁরা বুঝে গিয়েছেন ভোট চুরি করে জেতা দেশবাসীর সামনে ধরা পড়ে গেছে। তাই এখন আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন মোদি। হাত কাঁপছে অমিত শাহর। বিজেপির ডিএনএ-তে রয়েছে ভোট চুরি। কোনো রাখঢাক না করে রবিবার রামলীলা ময়দানে দলীয় সমাবেশ থেকে এভাবেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নাম ধরে তোপ দাগলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আরো একধাপ এগিয়ে মোদি-শাহকে গদ্দার বা দেশদ্রোহী বলে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।
এদিনের জনসভায় রাহুল বলেন, ক্ষমতাই বড় কথা নয়। সত্যের শক্তিই বড়। ওদের আছে ক্ষমতা। আমাদের আছে সত্যের শক্তি। এই দিয়েই ক্ষমতার কুর্সি থেকে উৎখাত করব
মোদি-শাহের সরকারকে। কেরলের পুরভোটের ফলাফলে উজ্জ্বীবিত হয়ে এদিন বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে রাহুল বলেন, ভোট চুরি করে জিতছেন মোদি-শাহ। তাই আর একটু ধৈর্য ধরুন, সময় আসবেই। এই চোর সরকারকে হটাবই। নির্বাচন কমিশনারদের বাঁচানোর আইন বদলাব। উল্লেখ্য, এদিন দিল্লির রামলীলা ময়দানে ‘ভোট চোর, গদি ছোড়’ সভার ডাক দিয়েছিল কংগ্রেস। উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা, অধীররঞ্জন চৌধুরী, শচীন পাইলট প্রমুখ। কংগ্রেস সভাপতি খাড়গে বলেন, আমাদের একটাই লক্ষ্য একটাই গদ্দারদের হটানো।
বহুদিন পর কংগ্রেসের আয়োজনে রামলীলার জনসভায় এদিন ভালই ভিড় হয়েছিল। ভোট চুরির প্রতিবাদে বিভিন্ন রাজ্য থেকে সাধারণের ৫ কোটি সই সংগ্রহ করেছে কংগ্রেস। এদিনের মঞ্চ থেকে এই দাবি করেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। মঞ্চের সামনে যা প্যাকেটবন্দি করে রাখা ছিল, এগুলো পাঠানো হবে নির্বাচন কমিশনে।
বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, সংসদে চোখের দিকে তাকাতে পারেন না মোদি-শাহ। ওঁরা জানেন, কমিশনের সাহায্য ছাড়া জিততে পারবে না। তাই চ্যালেঞ্জ ছুঁড়ছি, হিম্মত থাকলে পেপার ব্যালটে ভোট করুন। সত্যের শক্তি কত, তা যথাসময়ে টের পাবেন মোদি-শাহ।








