মুর্শিদাবাদের মুকুটে নতুন দুই পালক, বিশ্ববিদ্যালয় ও কাটরা মসজিদের তোরণ প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম!
নতুন পয়গাম, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের প্রাচীন ঐতিহ্য আর আধুনিক শিক্ষার মেলবন্ধনে এক নতুন অধ্যায় সূচিত হলো। শনিবার মুর্শিদাবাদ জেলা সফরে এসে রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের শুভ শিলান্যাস করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই প্রকল্প দুটি জেলার মানচিত্রে এক বিশেষ গুরুত্ব বহন করবে।শনিবার, মুর্শিদাবাদ পৌরসভার নাকুরতলা স্কুল মাঠের জনসভা থেকে মন্ত্রী দুটি বড় কাজের সূচনা করেন। মুর্শিদাবাদ হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় ও উৎকর্ষ গবেষণা কেন্দ্রের শিলান্যাস। এটি জেলার উচ্চশিক্ষার প্রসারে অভাবনীয় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। এবং আরেকটি হলো ঐতিহাসিক কাটরা মসজিদকে কেন্দ্র করে একটি সুদৃশ্য প্রবেশদ্বার বা তোরণ নির্মাণ। যা পর্যটকদের কাছে এই প্রাচীন স্থাপত্যের আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন।
এদিনের অনুষ্ঠানে জেলাশাসক নীতিন সিংহানিয়া থেকে শুরু করে প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিক এবং জেলার বিশিষ্ট জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। জনসভায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো, যা উন্নয়নের এই উদ্যোগের প্রতি জনসমর্থনকেই প্রতিফলিত করে।








