মুম্বাইয়ে ১৮ তলা থেকে পড়ে কালিয়াচকের পরিযায়ী শ্রমিকের মৃত্যু
আবু রাইহান, নতুন পয়গাম, কালিয়াচক:
মহারাষ্ট্রের মুম্বাইয়ে রঙের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল মালদা জেলার কালিয়াচক থানার সিলামপুর–২ গ্রাম পঞ্চায়েতের কলোনি গ্রামের বাসিন্দা ইদু সেখের (৪৯)। প্রায় তিন মাস আগে তিনি শ্রমিকের কাজে মুম্বাই যান। থানে এলাকার একটি বহুতল ভবনে রংয়ের কাজ করতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর প্রায় ১২টা নাগাদ ১৮ তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইদু সেখের। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। পরিবারের সদস্যরা ফোনে ঘটনাটি জানতে পারেন। প্রায় এক দশক ধরে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন ইদু সেখ। রাজ্যে পর্যাপ্ত কাজ না থাকায় তার মতো কালিয়াচকের বহু শ্রমিকই মুম্বাই, দিল্লি ও অন্যান্য রাজ্যে কাজের সন্ধানে যান। ইদু সেখের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের হাল ধরতেই ছেলেদের সঙ্গে নিয়ে মুম্বাইয়ে রওনা হয়েছিলেন তিনি।
ঘটনার খবর পেয়ে সিলামপুর–২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী নাসিরুদ্দিন সেখ পরিবারটির সঙ্গে দেখা করে সহানুভূতি জানান। তিনি বলেন, “খবর পেয়ে আমরা তাদের বাড়িতে যাই ও পরিবারের পাশে থাকার আশ্বাস দিই। ঘটনাটি কালিয়াচক–১ ব্লক আধিকারিককেও জানানো হয়েছে। রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিক মৃত্যু-সহায়তা প্রকল্পের মাধ্যমে যা পাওয়ার আছে, তা পাইয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।”
মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।








