মিড ডে মিল কর্মী ইউনিয়নের বিক্ষোভ বাজেটের প্রতিবাদে
নতুন পয়গাম, উমার ফারুক, হরিশ্চন্দ্রপুর: মালদার হরিশ্চন্দ্রপুর সদরের শহিদ মোড়ে শুক্রবার কেন্দ্র ও কেন্দ্র সরকারের দিশাহীন বাজেটের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হয়। উক্ত বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর শাখা। জানা গিয়েছে, এদিন হরিশ্চন্দ্রপুরে বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহিদ মোড়ে পথ অবরোধ করা হয়। সেখানেই বিক্ষোভ সভার মধ্য দিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বাজেট ২০২৬ এর প্ৰতিলিপি পোড়ানো হয় । মিড ডে মিল কর্মীদের প্রতি রাজ্য ও কেন্দ্র সরকারের সীমাহীন বঞ্চনার প্রতিবাদে এই বিক্ষোভ বলে জানান হয়। এই প্রতিবাদ মিছিলে শতাধিক মিড ডে মিল কর্মী অংশগ্রহণ করেন। মিছিলে নেতৃত্ব দেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা সাথী চৌধুরী, হরিশ্চন্দ্রপুর থানা সম্পাদিকা মাজেদা বিবি,আসগুরি খাতুন প্রমুখ । বিক্ষোভ সভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এই প্রসঙ্গে জেলা সম্পাদিকা সাথী চৌধুরী বলেন,কেন্দ্রীয় ও রাজ্য বাজেট মিড ডে মিল কর্মীদের সীমাহীন বঞ্চনা করেছে । মিড ডে মিল কর্মীরা বেশিরভাগ সকলেই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে । অভুক্ত শিশুদের বাড়িতে রেখে তারা সকাল ১১ টায় এসে যৎসামান্য বেতনের বিনিময়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পুষ্টিকর খাদ্য রান্না করেন ও বিকেলে বাড়ি যান । বক্তব্যে নেতৃত্ব দাবি জানান, মিড ডে মিল কর্মীদের বছরে দশ মাসের পরিবর্তে বারো মাসের পারিশ্রমিক দিতে হবে। ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন, অবসরকালীন ৫ লক্ষ টাকা অনুদান, উৎসবকালীন ভাতা বরাদ্দ করতে হবে। এই দাবি পূরণ না হলে কর্মীরা রান্নার কাজ বন্ধ রেখে বৃহত্তর আন্দোলনে নামবে।








