ভেষজ উদ্ভিদ বিতরণ ও সচেতনতা শিবিরে প্রকৃতি আরাধনার বার্তা উলুবেড়িয়ায়
অভিজিৎ হাজরা, উলুবেড়িয়া, হাওড়া:
শক্তি আরাধনার সঙ্গে প্রকৃতি আরাধনার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল উলুবেড়িয়া ব্লক-১ এর মহেশপুর অঞ্চলের বাড়বেড়িয়া একশন কমিটি। এবছরের কালীপুজোর বিশেষ আকর্ষণ হিসেবে কমিটি আয়োজন করে ভেষজ উদ্ভিদ বিতরণ ও সচেতনতা শিবির।
এই মহতী কর্মসূচিতে সহযোগিতা করেছে দীর্ঘদিন ধরে নানা সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়। এবছরের ২৬তম কালীপুজো উপলক্ষে ২৬ প্রজাতির ভেষজ উদ্ভিদ ও তাদের গুণাবলী নিয়ে এক প্রদর্শনী আয়োজিত হয়। একই সঙ্গে ২৬ জন অতিথির হাতে প্রতীকীভাবে ভেষজ উদ্ভিদ তুলে দেওয়া হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভেষজ উদ্ভিদের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই সভায় আলোচনা করেন শিক্ষক, সমাজকর্মী ও স্থানীয় বাসিন্দারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন,
“আমাদের প্রকৃতি মায়ের অগাধ ভাণ্ডার থাকা সত্ত্বেও আমরা ধীরে ধীরে ভেষজ চিকিৎসার ঐতিহ্য ভুলে যাচ্ছি। আজ মানুষ এলোপ্যাথির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে। আমরা চাই মানুষ আবার প্রকৃতির দিকে ফিরে আসুক—ভেষজ গাছের মাধ্যমে নিজেদের সুস্থ রাখার চেষ্টা করুক।”
বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে এই সচেতনতা শিবিরে উৎসাহের আবহ সৃষ্টি হয়। সমাজে ভেষজ উদ্ভিদ চর্চার প্রসার ঘটাতে এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।








