বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা মালদায়
উমার ফারুক, নতুন পয়গাম, মালদা:
সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে শনিবার মালদা জেলার রতুয়া ও চাঁচলে অনুষ্ঠিত হল জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ‘বিজয়া সম্মিলনী ও শারদ সম্মান–২০২৫’ অনুষ্ঠান।
প্রথম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রতুয়া-২ ব্লকের সুলতানগঞ্জ হাই স্কুল প্রাঙ্গণে, এরপর দ্বিতীয় অনুষ্ঠানটি হয় চাঁচলের কাজী নজরুল ইসলাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। উভয় ক্ষেত্রেই ছিল দলীয় কর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, জনসংযোগ বাড়ানো ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়াতেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের উজ্জীবিত করতেও বিজয়া সম্মিলনী কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন, যিনি রাজ্য সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্পের কথা তুলে ধরেন।
মূল বক্তব্য রাখেন উত্তর মালদা লোকসভার তৃণমূল প্রার্থী ও প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,
“দেশের বর্তমান সংকটকালে নাগরিকদের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থান অত্যন্ত প্রয়োজনীয়। বাংলার ঐতিহ্যই এই ঐক্যের মর্ম শেখায়। কবি বলেছেন— ‘হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন’ —এই বাণীই আজকের সময়ের পথপ্রদর্শক।”
তিনি আরও যোগ করেন, তৃণমূল কংগ্রেস বাংলায় সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার কাজ করে চলেছে।
দলের জেলা সভাপতি ও মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ২০২৬ সালের নির্বাচনের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, সহ-সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, সহ জেলার একাধিক জনপ্রতিনিধি ও তৃণমূল নেতা-কর্মীরা।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আবহ, মিলন ও সম্প্রীতির এক অনন্য বার্তা।








