বীরশিবপুরে মিডিয়া প্রশিক্ষণ শিবির
নতুন পয়গাম, হাওড়া, বীরশিবপুর:
হাওড়া জেলার বীরশিবপুরে হেরিটেজ মিশন-এর উদ্যোগে সাংবাদিকতা ও মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে যুবক-যুবতীরা অংশ নেন এই কর্মশালায়।
কার্যক্রমের উদ্বোধন করা হয় হাফেজ ক্কারী কাজী মিসবাহউদ্দিন এর তিলাওয়াতে কুরআনের পাঠের মাধ্যমে। প্রারম্ভিক বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক লিয়াকত হোসেন, যেখানে তিনি সাংবাদিকতার গুরুত্ব ও আধুনিক মিডিয়ার ভূমিকা তুলে ধরেন। জামাআতের উলুবেড়িয়া ব্লক সেক্রেটারি সৈয়দ আমিরুল হাসান সুস্থ সমাজ গঠনে মিডিয়ার কার্যকর ভূমিকার ওপর আলোকপাত করেন।
রাজ্য মিডিয়া সেক্রেটারি মুস্তাফিজুর রহমান প্রজেক্টরের মাধ্যমে সোশ্যাল মিডিয়া পরিচালনার পদ্ধতি শিক্ষার্থীদের হাতে-কলমে উপস্থাপন করেন। টিডিএন বাংলার প্রতিষ্ঠাতা সাংবাদিক মোক্তার হোসেন মণ্ডল সরাসরি রিপোর্ট লেখা শেখান। এছাড়া হাওড়া জেলা মিডিয়া সেক্রেটারি আবদুল আজিজ ফেক ছবি ও ভিডিও যাচাই করার পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
জিআই ইউটিউব চ্যানেলের কর্ণধার সাকিরুল ইসলাম ইউটিউব চ্যানেল খোলার ও পরিচালনার কৌশল তুলে ধরেন। উপস্থিত ছিলেন জিআইএন চ্যানেলের সাংবাদিক মাসুদ আলম, উত্তরের সারাদিন পত্রিকার সাংবাদিক যোবায়ের হোসেন, টিডিএন-এর সাংবাদিক ইব্রাহিম মণ্ডল। কর্মশালার সঞ্চালনা করেন বিভাগীয় সেক্রেটারি সেখ সাবির আলী।
এই প্রশিক্ষণ কর্মশালার লক্ষ্য ছিল যুবকদের মধ্যে সাংবাদিকতা ও মিডিয়ার সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, যাতে তারা তথ্য যাচাই, রিপোর্টিং ও সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারে।








