মালদায় আরজি করের ছাত্রীর রহস্যমৃত্যু, গ্রেফতার অভিযুক্ত
গোলাম আহম্মেদ চিশতী, নতুন পয়গাম, ১৪ সেপ্টেম্বর:
আর জি কর মেডিক্যাল কলেজের এক ডাক্তারি পড়ুয়া তরুণীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেপ্তার হলেন অভিযুক্ত ডাক্তারি ছাত্র। মালদার ইংরেজবাজার থানার পুলিশ রবিবার পুরুলিয়ার বাসিন্দা উজ্জ্বল সোরেনকে গ্রেপ্তার করে আদালতে তোলে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে মালদায় মৃত্যু হয় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা অনিন্দিতা সোরেনের। জানা গেছে, প্রেমের সম্পর্কের সূত্রে অনিন্দিতা গত সোমবার মালদায় এসে শহরের এক হোটেলে উজ্জ্বলের সঙ্গে দেখা করেন। সেখানে হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রথমে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় এবং কলকাতায় স্থানান্তরের পথে শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।
মৃতার পরিবারের অভিযোগ, মানসিক নির্যাতনের জেরে অনিন্দিতার মৃত্যু হয়েছে। তাঁরা ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ জানানোর পরেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।








