হিফজে নতুন দিশা দেখাচ্ছে মক্তব আল আরস
নতুন পয়গাম:
ধর্মীয় শিক্ষার শিকড় গাঁথা থাকে মক্তবেই। ইসলামের বুনিয়াদি পাঠ এখান থেকেই শুরু হয়। ঠিক সেই ঐতিহ্যকে নতুন ছন্দে সাজিয়ে পাঁচলা মেজুটিতে মাত্র এক বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে মক্তব আল আরস। প্রতিষ্ঠার পর থেকেই তারা চালু করেছে হিফজের এক অভিনব পদ্ধতি, যা ইতিমধ্যেই স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
কওমি মাদ্রাসার হিফজ বিভাগে সাধারণত সম্পূর্ণ কোরান মুখস্থ করানো হয়। কিন্তু মক্তব আল আরস-এর উদ্যোগ ভিন্ন। তারা স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের সহজ ও কার্যকর পদ্ধতিতে আল কোরানের গুরুত্বপূর্ণ অংশ—প্রায় এক-চতুর্থাংশ—হিফজ করাচ্ছে।
মক্তবের পক্ষ থেকে জানানো হয়েছে,
“কোরানের গুরুত্বপূর্ণ সুরাগুলি প্রতিটি মুসলিমের মুখস্থ থাকা উচিত। অথচ সমাজে এটিকে কেবল হাফেজ বা আলেমদের দায়িত্ব হিসেবে দেখা হয়। আমরা ঠিক করেছি দৈনন্দিন জীবনের আমলের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় সুরাগুলি ছাত্রছাত্রীদের মুখস্থ করাব।”
এই পাঠক্রমে সুরা বাকারার প্রথম ও শেষ রুকু (দোয়া কবুলের জন্য), সুরা ইয়াসিন (ফজরের পরে তেলাওয়াতের জন্য), সুরা ওয়াকিয়া (রিজকের বরকতের জন্য), সুরা মুলক (কবরের আজাব থেকে নাজাতের জন্য) সহ নিত্যপ্রয়োজনীয় সুরাগুলি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া প্রতি শুক্রবার সুরা কাহফ তেলাওয়াতের সুবিধার্থে সম্পূর্ণ সুরা কাহফ ও পুরো আম্মাপারা মুখস্থ করানো হয়।
মক্তবের আরও দাবি, এখানকার সব ছাত্রছাত্রী স্কুলে পড়াশোনা করে। প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত ক্লাস হয় এবং সবার মেধা অনুযায়ী হিফজের পাশাপাশি নিয়মিত পাঠও চালানো হয়।
মক্তব আল আরসের এই উদ্যোগে এলাকার মানুষ আশাবাদী—প্রচলিত ধারা ভেঙে সহজ পদ্ধতিতে কোরানের শিক্ষা ছড়িয়ে দেওয়া যাবে বলে তাঁদের বিশ্বাস।








