ভোটের আগে বিরোধী শিবিরে বড় ভাঙন কুলতলীতে
নতুন পয়গাম, হাসান লস্কর, দক্ষিণ ২৪ পরগনা: আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে দলবদলের প্রবণতা ক্রমশ জোরদার হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে বিরোধী শিবির থেকে একাধিক নেতা-কর্মী শাসকদল তৃণমূল কংগ্রেস-এ যোগ দিচ্ছেন বলে দলীয় সূত্রের দাবি। সম্প্রতি ডায়মন্ড হারবার–এ সিপিআইএম–এর রাজ্য কমিটির নেতা প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। একইভাবে বিজেপি–র এক বিধায়কসহ বিভিন্ন দলের নেতা-কর্মীরাও শাসকদলে নাম লেখাচ্ছেন বলে দাবি করা হয়েছে।
এই ধারাবাহিকতার অংশ হিসেবে রবিবার কুলতলী বিধানসভার মেরিগঞ্জ ১ নম্বর অঞ্চলে আয়োজিত এক যোগদান সভায় এসইউসিআই কমিউনিস্ট–এর লোকাল কমিটির সদস্য আলাউদ্দিন মোল্লা, সিরাজ মোল্লা ও ভোলা খান, পাশাপাশি ওই অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের বিজয়ী প্রার্থী কেশমনী সরদার তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এছাড়া সিপিআইএম থেকে হেজবুল রহমান ও আয়েন আলী শেখ–ও ওই সভায় দলীয় পতাকা গ্রহণ করেন। কুলতলীর বিধায়ক গণেশচন্দ্র মন্ডল বলেন, এই ধারাবাহিক যোগদানের ফলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আরও ভালো ফল করবে বলে তিনি আশাবাদী।








