শ্রীভূমি’কে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল মহামেডান
নিজস্ব প্রতিনিধি,নতুন পয়গাম, ১৪ আগস্ট: ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগে পরপর পাঁচটি ম্যাচ হারার ফলে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে ছিল ময়দানের অন্যতম মুখ মহামেডান স্পোর্টিং ক্লাব। ডুরান্ড কাপে নিজেদের শেষ ম্যাচে সাদা-কালো ব্রিগেড দুর্দান্ত জয় পাওয়ার পর আত্মবিশ্বাস ফিরে পায় পুরো টিম। এরপর ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগে সাদার্ন সমিতিকে হারিয়ে জয়ের দেখা পায় মহামেডান স্পোর্টিং ক্লাব। আজ বৃহস্পতিবার ব্যারাকপুর স্টেডিয়ামে শ্রীভূমি’কে হারিয়ে জয়ধারা অব্যাহত রাখার পাশাপাশি পয়েন্ট টেবিলে উন্নতি হল সাদা-কালো ব্রিগেডের। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল মহামেডান স্পোর্টিং ক্লাব ৩-১ শ্রীভূমি। এই ম্যাচে মহামেডানের হয়ে গোল করেন শিবা মান্ডি, অ্যাডিসন সিং ও লাটহানকিমা। শ্রীভূমির হয়ে একটি মাত্র গোল করেন অরিত্র ঘোষ। সব মিলিয়ে হারের খরা কাটিয়ে এখন সাদা-কালো ব্রিগেড জয়ের সরণীতে ফিরে জয়যাত্রা অব্যাহত রেখেছে মহামেডান।








