শিলিগুড়িতে হবে মহাকাল মন্দির: মমতা দীঘার জগন্নাথ ধামের পর রাজারহাটে হবে দুর্গাঙ্গন
নতুন পয়গাম, শিলিগুড়ি:
দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের পর কলকাতায় তৈরি হচ্ছে দুর্গাঙ্গন। এবার শিলিগুড়িতে হবে বিশাল আকারের মহাকাল মন্দির। বন্যার পর বৃহস্পতিবার দ্বিতীয়বার উত্তরবঙ্গ সফরে গিয়ে দার্জিয়ের মহাকাল মন্দিরে পুজো দিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য পাহাড়ের প্রশাসন জিটিএ-কে কার্যকর পদক্ষেপ করতে নির্দেশও দেন তিনি।
উল্লেখ্য, রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র দার্জিলিং পার্বত্য অঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী স্থান হল এই মহাকাল মন্দির। এখানে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান উল্লেখযোগ্য। এদিন পুজো দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, কয়েক মাস আগেই আমরা দীঘায় জগন্নাথ মন্দির করেছি। রাজারহাটে গড়া হবে দুর্গাঙ্গন। এজন্য ট্রাস্ট তৈরি করা হয়েছে। জমিও পাওয়া গিয়েছে। এবার টেন্ডার দেওয়া হবে। শিলিগুড়িতে হবে কনভেনশন সেন্টার এবং তার পাশেই বিরাট মহাকাল মন্দির গড়ব। এখানে সবথেকে বড় ও উঁচু শিব স্থাপন করব। দীঘার মতো এক্ষেত্রেও সবরকম সহযোগিতা করবে রাজ্য সরকার। জমি বিনা পয়সায় দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, শৈলশহর দার্জিলিংয়ের ম্যাল রোড সংলগ্ন পাহাড়ের চূড়ায় অবস্থিত মহাকাল মন্দির। এটি প্রায় ২৫০ বছরের প্রাচীন। সমতল থেকে অনেক উঁচুতে হওয়ায় বহু সিঁড়ি ভেঙে মূল মন্দিরে প্রবেশ করতে হয়। তাই উচ্চতার জন্য শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীরা সেখানে যেতে পারেন না। এই সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপের কথাও বলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, সরকারের কাজ কি খালি মন্দির বানানো। এ তো কেন্দ্র সরকারের সঙ্গে প্রতিযোগিতা চলছে। জনগণের দেওয়া করের টাকায় সরকার কেন মন্দির বানাবে?








