জলাভূমি সংরক্ষণের বার্তা নিয়ে মাধবপুর সার্বজনীন দুর্গোৎসব
অতসী মণ্ডল, শ্যামপুর, হাওড়া:
পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এ বছর শ্যামপুরের মাধবপুর সার্বজনীন দুর্গোৎসবের মূল ভাবনা ‘জলাভূমি সংরক্ষণ’। বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় এই ভাবনাকে পূজা প্রাঙ্গণে ফুটিয়ে তুলেছে। জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রে জলাভূমির গুরুত্ব বোঝাতে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রদর্শনীর জন্য ভেষজ গাছ সরবরাহ করা হয়েছে।
সমাজকল্যাণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা নিয়ে আসা ‘বঙ্গভূমি সাহিত্য পত্রিকা’ পরিবার এ উদ্যোগে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীতে মাধবপুর স্কুল লাইব্রেরি প্রাঙ্গণে পুজোর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। প্রধান অতিথি ছিলেন ইতিহাস গবেষক ড. মহীতোষ গায়েন।
দিনভর অঙ্কন প্রতিযোগিতা, রান্না প্রতিযোগিতা, হাতের কাজের প্রদর্শনী ও বস্ত্র বিতরণ পরিচালনা করে বঙ্গভূমি সাহিত্য পত্রিকা পরিবার। এই কমিটিকে “বঙ্গভূমি সাহিত্য পত্রিকা শারদ সম্মান”ও প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন, “পরিবেশ রক্ষার চাবিকাঠি জলাভূমি সংরক্ষণ। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই সচেতনতা ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।”








