নীল নদের হারানো শাখা নদী আবিষ্কার হল চার হাজার বছর পর
নতুন পয়গাম: প্রাচীন মিসরের কারনাক উপাসনালয় গড়ে উঠেছিল পাথর আর পানির এক গভীর সম্পর্কের ভেতর দিয়ে। সেখানে এক শতাব্দীর বেশি সময় ধরে প্রত্নতাত্ত্বিক খননকাজ মূলত উপাসনালয়, দেয়াল ও শিলালিপির মধ্যেই সীমাবদ্ধ ছিল। মাটির নিচে কী লুকিয়ে আছে, সেদিকে খুব একটা নজর দেওয়া হয়নি। তবে সাম্প্রতিক এক ভূপ্রত্নতাত্ত্বিক গবেষণা সেই চিত্র বদলে দিয়েছে।
গবেষকেরা কারনাক ও আশপাশের এলাকায় খনন করে পলিমাটির স্তরযুক্ত কয়েক ডজন নমুনা সংগ্রহ করেছেন। সেগুলো বিশ্লেষণ করে তাঁরা দেখার চেষ্টা করেছেন, অতীতে নীল নদ ঠিক কীভাবে এই এলাকা দিয়ে প্রবাহিত হত। গবেষণায় উঠে এসেছে, বিশাল এই উপাসনালয় কমপ্লেক্স গড়ে উঠেছিল একটি প্রাকৃতিক নদী –সোপানের ওপর, যা একসময় চারদিক থেকে জলধারা ও খালে ঘেরা ছিল।
এই ভৌগোলিক বাস্তবতা মিসরীয় সৃষ্টিতত্ত্বের একটি ধারণার সঙ্গে মিলে যায়, যেখানে বলা হয়, আদিম জলরাশি থেকে একটি পবিত্র টিলা জেগে উঠেছিল। একই সঙ্গে এই গবেষণা এটিও স্পষ্ট করেছে, ঠিক কোন সময় থেকে কারনাক এলাকায় স্থায়ী স্থাপনা নির্মাণ সম্ভব হয়ে ওঠে। প্রকৃতি ও বিশ্বাস কীভাবে একসঙ্গে বিবর্তিত হয়েছে, তারই একটি শান্ত কিন্তু পরিষ্কার ছবি পাওয়া যায় এই গবেষণা থেকে।








