ক্ষুদিরাম বসুর ১৩৬তম জন্মদিন ও বিশ্ব প্রতিবন্ধী দিবস
অতসী মন্ডল, নতুন পয়গাম, হাওড়াঃ
বুধবার হাওড়া জেলার আন্দুল–মৌড়ীর জীবন চেতনা সামাজিক বন্ধু পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৬২তম ও ৬৩তম কর্মসূচি। উড়ান, পরিধান ও জীবন সাধন। এই তিনটি প্রকল্পের মাধ্যমে শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৬তম জন্মদিন ও বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয় পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়ি পাল থানার অন্তর্গত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এলাকার কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের দেলুয়া গ্রামে।
শারীরিকভাবে অঙ্গ প্রতিবন্ধী দেলুয়া গ্রামের বাসিন্দা বংশী দুলে মহাশয়-এর হাতে স্ক্র্যাচ ও শীতবস্ত্র হিসেবে একটি কম্বল তুলে দেওয়া হয়। একইসঙ্গে ঐ গ্রামের এক প্রবীণ দৃষ্টিহীন মহিলার মায়ের জন্য চাদর এবং আরও একজন মায়ের হাতে কম্বল প্রদান করা হয়।
এদিন গড়বেতা অঞ্চলের বিশেষ চাহিদা সম্পন্ন ১০ বছরের শিশু গোলাপ-এর জন্য একটি হুডি তার বাবা প্রশান্ত খামরুই মহাশয়-এর হাতে তুলে দেন সংগঠনের সদস্যরা। এছাড়াও দেলুয়া গ্রামের ৫০ জন দিব্য শিশুদের প্রয়োজনীয় টিফিনজাত শুষ্ক খাদ্যদ্রব্য প্রদান করা হয়।
উদ্যোগে বিশেষ ভূমিকা গ্রহণ করেন জীবন চেতনা সামাজিক বন্ধু পরিবারের সদস্যা সোমা কর্মকার, শুভাকাঙ্ক্ষী সত্য সাঁতরা ও সুমনা সাঁতরা সহ অন্যান্য দানশীল মানুষজন। সমস্ত অনুষ্ঠানে সহযোগিতা ও নেতৃত্ব প্রদান করেন পটাশপুরের সমাজবন্ধু প্রসাদ কৃষ্ণ মন্ডল, এবং দুই সমাজসেবী মহিলা শ্রীমতি মলিনা চালক ও শ্রীমতি অন্তু সরকার।








