মালদার ৫ পুজো কমিটির থেকে ১৭ লক্ষ টাকা নিয়ে গায়েব কলকাতার ডেকোরেটর
গোলাম আহম্মেদ চিশতী, মালদা, ১৩ সেপ্টেম্বর :
পুজোর মাত্র ১৫ দিন আগে বড়সড় ধাক্কা মালদার পাঁচটি বড় বাজেটের পুজো কমিটির। অভিযোগ, কলকাতার এক ডেকোরেটর শিল্পী মণ্ডপের কাজ অসম্পূর্ণ রেখে প্রায় ১৭ লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছেন।
উদ্যোক্তাদের অভিযোগ, মানুষের চোখে নজর কাড়তে এ বছর তাঁরা কলকাতার যাদবপুরের ঝিল রোডের ডেকোরেটর শিল্পী সুদীপ্ত পালের হাতে মণ্ডপ তৈরির বরাত দিয়েছিলেন। গত এপ্রিল মাসে চুক্তি অনুযায়ী কাজও শুরু হয়। কিন্তু দিন পনেরো আগে তিনি ও তাঁর দল মণ্ডপের কাজ ফেলে হোটেল ছেড়ে পালিয়ে যান। এরপর থেকে তাঁর ফোনও বন্ধ।
ফলে চরম সমস্যায় পড়েছেন কুতুবপুর হিমালয় সংঘ, বালুচর কল্যাণ সমিতি, বেলতলা ক্লাব, কৃষ্ণপল্লি কল্যাণ সংঘ ও দিলীপ স্মৃতি সংঘ—এই পাঁচটি পুজো কমিটি। এর মধ্যে দিলীপ স্মৃতি সংঘের পুজো এ বছর ৭৫ বছরে পা দিয়েছে।
কুতুবপুর হিমালয় সংঘের পক্ষে বিপুল দত্ত বলেন, “আমরা তাঁকে দু’লাখ টাকা বায়না দিয়েছিলাম। নির্দিষ্ট সময়ে কাজ শুরু করলেও হঠাৎ তিনি গা-ঢাকা দিয়েছেন। একজন ম্যানেজারকেও রেখেছিলেন, তিনিও উধাও। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, মুখ্যমন্ত্রীকেও গোটা বিষয়টি জানাব।”
বালুচর কল্যাণ সমিতির সহকারী সম্পাদক গোপাল সাহা জানান, “আমরা ওই ডেকোরেটরকে প্রায় ছ’লাখ টাকা দিয়েছি। তিনি পুরো টিম নিয়ে উধাও। শেষ মুহূর্তে আমরা স্থানীয় ডেকোরেটরদের দিয়ে কাজ করছি, আশা করছি নির্দিষ্ট সময়ে শেষ করতে পারব। পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন সমস্যার সমাধান হবে।”
এই পরিস্থিতিতে মালদা দুর্গাপুজো ফোরামও পাশে দাঁড়িয়েছে। ফোরামের পক্ষে পরিমল ঘোষ বলেন, “কলকাতার ডেকোরেটর শিল্পীর প্রতারণায় মালদার পাঁচটি পুজো কমিটির দুর্বিসহ দশা। প্রশাসনের কাছে আবেদন, দ্রুত পদক্ষেপ নিয়ে পলাতক শিল্পীর শাস্তির ব্যবস্থা করুক।”
উদ্যোক্তারা ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। পুজোর মুখে এই ঘটনার জেরে জেলা জুড়ে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।








