দক্ষিণ ২৪ পরগনায় বাংলা কবিতা পার্বণ
জসীমুদ্দিন মোল্লা, নতুন পয়গাম, কাকদ্বীপ:
দক্ষিণ ২৪ পরগনা কবিতা পার্বণ কমিটির উদ্যোগে রবিবার কাকদ্বীপ শিশু শিক্ষায়তন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ‘কবিতা পার্বণ ২০২৫’। কবি, শিল্পী ও কাকদ্বীপ শিশু শিক্ষায়তনের ছাত্রছাত্রীরা বাংলা কবিতার জন্য পথ হাঁটেন। গাছে জল দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কাকদ্বীপের বিধায়ক মাননীয় মন্টুরাম পাখিরা। সভাপতিত্ব করেন কবি নৃপেন চক্রবর্তী, রাজ্য বাংলা কবিতা পার্বণ কমিটির সভাপতি। পার্বণ স্মরণিকা ও ‘মায়া ভ্রমর’-এর মোড়ক উন্মোচন হয়। সেইসঙ্গে জেলার প্রয়াত কবিদের স্মৃতি তর্পণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সঞ্জয় দাস, শ্রী মলয় কুমার চক্রবর্তী, শ্রী সুবীর সেন, শ্রী প্রদীপ কুমার প্রামাণিক, কেশব রঞ্জন দে প্রমুখ। অনুষ্ঠানের স্বাগত রাজ্য বাংলা কবিতা পার্বণ কমিটির আহ্বায়ক কবি সৌমিত বসু।
দিনভর কবি-আবৃত্তিকারের মধুর উপস্থাপনায় অডিটোরিয়াম বিমুগ্ধ হয়ে থাকে। আমন্ত্রিত কবি ও আবৃত্তিশিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন রফিক উল ইসলাম, চিত্তরঞ্জন দাস, শচীন রায়চৌধুরী, সাহানারা খাতুন, ইরা সরকার, অমলেন্দু বিকাশ দাস, ওথেলো হক, উজ্জ্বল হালদারসহ রাজ্যের বিভিন্ন প্রান্তের শতাধিক নবীন-প্রবীণ কবি ও শিল্পী। প্রত্যেকে নিজেদের সৃজনশীল কবিতা, আবৃত্তি ও বক্তব্যে সভাকে সমৃদ্ধ করেন।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন প্রসাদ মাকর, সোমা বেরাসহ একাধিক শিল্পী। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা ও ব্যবস্থাপনায় ছিলেন কবি নিবিড় সাহা, নাগসেন, চন্দ্রাবলী মুখোপাধ্যায়, শান্তনু প্রধান ও দক্ষিণ ২৪ পরগনা কবিতা পার্বণ কমিটির সদস্যরা।
সাহিত্যপ্রেমী মানুষদের আগ্রহ, অংশগ্রহণ এবং উৎসাহে কবিতা পার্বণ ২০২৫ সত্যিই রূপ নেয় এক মনোজ্ঞ সাহিত্য-সম্মিলনে। আয়োজক কমিটি আগামী দিনেও এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।








