কিসমত গাদি রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমীর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান
নতুন পয়গাম, রহমতুল্লাহ, সাগরদিঘী: মঙ্গলবার উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সাগরদিঘীর কিসমত গাদি রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমীর ১৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকালবেলা পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান শুরু হয় বিভিন্ন বয়সভিত্তিক দৌড় প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, মিউজিক্যাল চেয়ারসহ মোট ৩৪টি ক্রীড়া ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। ছাত্র-ছাত্রীর মায়েদের প্রতিযোগিতা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ, এবং লোকনৃত্য যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
খেলা শেষে বিভিন্ন বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্কুলের কর্ণধার মোঃ লতিফুল খাবির বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার এক অপরিহার্য অঙ্গ। শরীরচর্চা যেমন সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন, তেমনি তা ছাত্রছাত্রীদের মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” উপস্থিত ছিলেন শিক্ষক মঙ্গলচন্দ্র দাস, ইয়াদুদ হোসেন,লক্ষন দাস, পলাশ চন্দ্র দাস, ইশাক আলি সেখ সহ বিশিষ্ট জনেরা। আনন্দঘন পরিবেশে দিনভর চলা এই ক্রীড়া প্রতিযোগিতা ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করে।








