লোকালয় থেকে উদ্ধার! বিশাল কিং কোবরা
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, জলপাইগুড়ি
ফের লোকালয় থেকে উদ্ধার হল এক বিশাল আকৃতির কিং কোবরা। প্রায় ১২ ফুট লম্বা এই বিষধর সাপটিকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় ময়নাগুড়িতে। ঘটনাটি ঘটে ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের নিউ লাইন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা কর্ণ ছেত্রীর বাড়িতে শনিবার সকালে প্রথম সাপটিকে দেখতে পান পরিবারের সদস্যরা। আচমকা বাড়ির ভেতরে এমন বিপজ্জনক সাপ দেখে আতঙ্কে ছুটোছুটি শুরু হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় রামশাই বন দফতরে।
বন দফতর দ্রুত পরিস্থিতি সামাল দিতে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই সংগঠনের সাপ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। অভিজ্ঞ সদস্যরা যথেষ্ট সতর্কতার সঙ্গে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে অবশেষে সাপটিকে নিরাপদে আটক করতে সক্ষম হন।
একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট। এত বড় আকারের কিং কোবরা সচরাচর লোকালয়ে দেখা যায় না। সাপটিকে কোনও ক্ষতি না করে সম্পূর্ণ নিরাপদে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
ঘটনায় এলাকায় একদিকে যেমন আতঙ্ক ছড়িয়েছে, তেমনি সাপটি সুরক্ষিতভাবে উদ্ধারের পর স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মধ্যে। সংগঠনের সদস্যরা জানান, জঙ্গলের আবাসস্থল নষ্ট হওয়ার কারণে প্রায়শই এমনভাবে বিষধর সাপ লোকালয়ে ঢুকে পড়ে। তাই বন দফতর ও স্থানীয়দের সচেতনতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তারা।
এই ঘটনায় আবারও স্পষ্ট হলো মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থানে সচেতনতা ও সংরক্ষণের গুরুত্ব কতখানি।








